কাঠমান্ডু, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে কুমারী পূজার ক্ষেত্রে সনাতন রীতি ও রাজকীয় ঐতিহ্য বাতিল করে দিয়ে এবার 'কুমারীদের' নিয়োগ দিচ্ছে মাওবাদী নেতৃত্বাধীন নতুন সরকার। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ মণ্ডপে পূজার জন্য রোববার ছয় বছরের একটি মেয়েকে দেবীর আসনে অধিষ্ঠীত করেছে সরকার।
শত শত বছর ধরে নেপালি রাজার প্রধান পুরোহিত কুমারীদের নিয়োগ দিয়ে আসছিল। গত মে মাসে রাজতন্ত্র বিলুপ্তির সঙ্গে সঙ্গে এই ঐতিহ্যেরও বিলোপ হয়েছে।
দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখভালের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা 'ট্রাস্ট কর্পোরেশন' কুমারী নিয়োগ দেওয়ার দায়িত্ব পেয়েছে। কাঠমান্ডুর পাশে মন্দির-শহর বক্তাপুরে তারা পূজারিদের জন্য শ্রেয়া বজ্রচার্যকে নতুন কুমারী-দেবী ঘোষণা করেছে।
ট্রাস্ট কর্পোরেশনের কর্মকর্তা দীপক বাহাদুর পাণ্ডে বলেছেন, "সরকার কুমারী নিয়োগ দেওয়ার দায়িত্ব আমাদের দিয়েছে। প্রথমবারের মতো আমরা এ কাজে হাত দিয়েছি।"
রোববার পূজা-অর্চণার মধ্যদিয়ে অভিষেক হয় শ্রেয়ার। তার আগে ছিল সজনী শাক্য। ৯ বছর দেবীর আসনে অধিষ্ঠীত থেকে সজনী এ বছরের গোড়ার দিকে আসন ছেড়ে দিতে বাধ্য হয়।
সজনী গত বছর কুমারী ব্যবস্থা নিয়ে একটি ব্রিটিশ কোম্পানির চলচ্চিত্রের প্রচারের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ করলে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে এ নিয়ে হৈচৈ পড়ে যায়। একইসঙ্গে সজনী দেশে সমালোচনার মুখেও পড়ে। চলচ্চিত্রের প্রচারণার জন্য বিদেশে গিয়ে সে ঐতিহ্য ও রীতিনীতির বিরুদ্ধে গেছে- এ বিতর্ক উঠলে সজনী আসন ছেড়ে দিয়ে 'মর্ত্য'ে নেমে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫৮ ঘ.
bdnews24