ত্রিপোলি, লেবানন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের উত্তরাঞ্চলে সোমবার সেনাদের একটি বাসে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। দুই মাসেরও কম সময়ের মধ্যে সেনাদের ওপর চালানো দ্বিতীয় এ হামলায় আহত হয়েছে আরও ৩৫ জন। লেবাননের কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
তারা জানায়, উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরের এ হামলায় নিহতদের চারজনই সেনা সদস্য। প্রসঙ্গত, এ শহরের একটি বাস স্টপে গত ১৩ আগস্ট এক বোমা হামলায় ১০ সেনাসহ ১৫ জন প্রাণ হারিয়েছিল।
ত্রিপোলির বুহসাস এলাকায় সকালের ব্যস্ত সময়ে এ বোমা হামলা ঘটে। এতে আশপাশের কয়েকটি ভবনের জানালা ভেঙে যায় এবং আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তারক্ষীরা এরপর ঘটনাস্থল ঘিরে রাখে।
এ বিষয়ে 'ভয়েস অব লেবানন' বেতার কেন্দ্রকে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও ত্রিপোলির প্রভাবশালী রাজনীতিবিদ
নাজিব মিকাতি বলেন, "সামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সরাসরি এ হামলা চালানো হয়েছে।"
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৩ ঘ.
bdnews24