গুয়াকুইল, ইকুয়েডর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইকুয়েডরের সংবিধান পরিবর্তন সংক্রান্ত গণভোটে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। রোববারের এ বিজয়ের মধ্য দিয়ে কোরেয়া তার দেশে ভেনেজুয়েলা ও বলিভিয়ার মতো সমাজতান্ত্রিক সংস্কার করার নতুন ক্ষমতা অর্জন করলেন।
প্রেসিডেন্ট কোরেয়া রোববারের ভোটকে একটি "ঐতিহাসিক বিজয়" হিসেবে অভিহিত করেছেন। তবে সমালোচকরা বলছেন, নতুন সংবিধান অস্বস্তিতে ফেলতে পারে বিনিয়োগকারীদের। কেননা, এর মধ্য দিয়ে ওপেকভুক্ত দেশটির অর্থ ও তেলনীতির ওপর সরকারি নিয়ন্ত্রণ বাড়বে। এছাড়া, এ জয়ের মধ্য দিয়ে ৪৫ বছর বয়সী জনপ্রিয় বামপন্থী প্রেসিডেন্ট কোরেয়া ২০১৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পেতে পারেন।
রোববার ইকুয়েডরের বন্দরনগরী গুয়াকুইলে ক্ষমতাসীন জোটের কয়েক হাজার উল্লসিত সমর্থকের উদ্দেশ্যে কোরেয়া বলেন, "আজ, ইকুয়েডর একটি নতুন জাতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং পুরাতন কাঠামো পরাজিত হয়েছে।" তিনি বলেন, "এটা নাগরিক বিপ্লবকে নিশ্চিত করেছে।"
গুয়াকুইলের মেয়র ও প্রভাবশালী বিরোধীদলীয় নেতা জেইম নেবোট কোরেয়ার বিজয় মেনে নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪১২ ঘ.
bdnews24