জাকার্তা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের তৈরি ১২টি খাদ্যপণ্যে মেলামাইনের অস্তিত্ব পাওয়া গেছে।
চীনে মেলামাইন মিশ্রিত বিষাক্ত দুধ পান করে চার শিশুর মৃত্যু এবং দুই সহস্রাধিক শিশু অসুস্থ হওয়ার খবরে বিশ্বজুড়ে হৈচৈয়ের মধ্যে ইন্দোনেশিয়া একথা জানাল।
ইন্দোনেশিয়ার ফুড অ্যান্ড ড্রাগ মনিটরিং এজেন্সি জানিয়েছে, সেদেশে বাজারজাত করা চীনের ১৮টি দুগ্ধজাত পণ্য পরীক্ষা করে ১২টিতে মেলামাইনের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে আছে কুকিজ, ক্যান্ডি ও ড্রিংকস।
ইন্দোনেশিয়া সরকার আপাতত চীন থেকে দুগ্ধজাত পন্য আমদানি নিষিদ্ধ করেছে। একইসঙ্গে বাজারে এ মুহূর্তে যে সব পণ্য আছে তা তুলে বিক্রি না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
চীনে চলতি মাসে মেলামাইন মিশ্রিত দুধ পান করে অসুস্থ হয়ে পড়ে হাজার হাজার শিশু। যে সমস্ত দুধে প্রোটিনের মাত্রা কম পরীক্ষার সময় তা এড়ানোর জন্য এতে সস্তা শিল্প রাসায়নিক মেলামাইন মেশানো হয়। এতে দুধগুলো সুন্দর দেখায় এবং গুণগত মান পরীক্ষার সময় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দেওয়া যায়।
চীনে গুঁড়া দুধের ওই কেলেংকারির পর এশিয়া, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশ চীন থেকে দুগ্ধজাত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24