ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সঙ্কট নিরসনে বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানকে ৭০০ বিলিয়ন ডলার সরকারি সাহায্য পরিকল্পনার একটি খসড়া বিলে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। তবে এ ঐক্যমতে পৌঁছতে শনিবার মধ্যরাত পার করে দেন তারা।
বিস্তারিত আলোচনা শেষে রোববারই বিলটি নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সবচেয়ে বড় অর্থনীতি পুনরুদ্ধার বিল।
প্রতিনিধি পরিষদের নেতারা জানিয়েছেন, বিলের একটি বিস্তৃত খসড়ায় তারা একমত হয়েছেন। সরকার চাইছে সোমবার এশিয়ার অর্থবাজার খোলার আগেই সহায়তা প্যাকেজের বিষয়টি চূড়ান্ত করতে।
খসড়া বিলটি নিয়ে শনিবার রাতে দীর্ঘ আলোচনা শেষে পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেন, "বড় ধরনের অগ্রগতি হয়েছে। তবে এখন আনুষ্ঠানিকভাবে একমত হওয়ার জন্য বিষয়টিকে লিখিত রূপ দিতে হবে।"
প্রতিনিধিপরিষদ বা সিনেটে কখন ভোটাভুটি হতে পারে বা শেষ মুহূর্তে কোনও সঙ্কট মাথাচাড়া দিতে পারে কিনা এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।
গত শতকের ৩০ দশকের মহামন্দার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ এই আর্থিক সঙ্কট মোকাবেলায় উঠেপড়ে লেগেছে বুশ প্রশাসন। প্রস্তাবটি যাতে পাস হয় সেজন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী হেনরি পলসন।
কংগ্রেসও সরকারের এই পদক্ষেপে ইতিবাচক সাড়া দিয়েছে। সোমবার এশিয়ার অর্থ বাজার খোলার পর আবার যেন পূর্ব সপ্তাহের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য তারা চাইছে সোমবারের আগেই সাহায্য প্যাকেজটি ঘোষণা দিতে।
তারল্য সঙ্কটে পড়ে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে বহু পুরানো ও বড় কয়েকটি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এগুলোর মধ্যে আছে বাজারের শীর্ষ প্রতিষ্ঠান এইআইজি, লেহম্যান, ওয়াশিংটন মিউচ্যুয়াল ইত্যাদি। পরিস্থিতি সামাল দিতে অর্থবাজারে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম।
সহায়তা প্যাকেজের বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এর পর রাতের আলোচনার অগ্রগতিকে স্বাগত জানায় হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাট্টো বলেন, "অমাদের অর্থবাজারকে স্থিতিশীল করতে এবং অর্থনীতিকে রক্ষায় কংগ্রেস দলমত নির্বিশেষে যে সমর্থন দিচ্ছে তাতে আমরা কৃতজ্ঞ।"
শনিবার রাতের আলোচনার এক পর্যায়ে কংগ্রেস নেতারা ফোনে যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সঙ্গেও পরামর্শ করেন। গত সপ্তাহে বিপাকে পড়া ব্যাংক গোল্ডম্যান সাক্সে তিনি ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24