২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা, ভূমিধসে ভিয়েতনাম ও থাইল্যান্ডে ৫০ জন নিহত

আকস্মিক বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম এবং থাইল্যান্ডে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। প্রবল বৃষ্টিতে সেখানকার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার বাড়িঘর তলিয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দেশদুটির সরকারি প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 11:09 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

হ্যানয়, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আকস্মিক বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম এবং থাইল্যান্ডে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। প্রবল বৃষ্টিতে সেখানকার বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে এবং কয়েক হাজার বাড়িঘর তলিয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার দেশদুটির সরকারি প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। রোববার কর্মকর্তারা জানান, টাইফুন হাগুপিটের তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে এবং নিখোঁজ রয়েছে আরও কমপক্ষে পাঁচজন। টাইফুন হাগুপিট গত সপ্তাহে মূলত ফিলিপাইন ও চীনে আঘাত হানলেও এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয় ভিয়েতনামে। এর ফলে সেখানে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। টাইফুন হাগুপিটে ফিলিপাইন ও চীনে 'শতবর্ষের সবচেয়ে প্রবল সামুদ্রিক জোয়ার' সৃষ্টি হয় এবং ফিলিপাইনে ৮ জন এবং চীনে ৩ জন নিহত হয়। ভিয়েতনাম সরকারের ঝড় ও বন্যা মোকাবেলা কমিটি জানিয়েছে, প্রবল বৃষ্টি ও ভূমিধসে দেশটির উত্তরাঞ্চলে কয়েক হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে কিংবা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববারের প্রবল বৃষ্টিতে থাই বিন নদীর বন্যা আরও বেড়ে যেতে পারে এবং উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় আরও ভূমিধসের ঘটনা ঘটতে পারে। আরও বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা সোন লা, লাং সোন এবং বাক গিয়াং প্রদেশ থেকে হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ভিয়েতনামের সেনাবাহিনী। ওদিকে, থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারী মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে এবং পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত এবং এ দুর্যোগে আহত প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে শুরু হওয়া এ ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছেন প্রায় ৮ লাখ মানুষ। ওদিকে, দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রবল বৃষ্টিতে প্রায় ৫ লাখ একর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২০০৮-২০০৯ কৃষি মৌসুমের মোট ধান উৎপাদনের প্রায় ২ শতাংশ ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৭ ঘ.