অক্সফোর্ড, মিসিসিপি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন এবং বিরোধী ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যে প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৯০ মিনিটের ওই বিতর্কে যুক্তরাষ্ট্রের চলমান আর্থিক সংকট নিরসনে দুই প্রার্থীর তীব্র বিতর্কের পাশাপাশি দেশটির পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।
ম্যাককেইন প্রথমেই প্রশ্ন তোলেন প্রথম দফার সিনেটর ওবামার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে। তিনি বলেন, "আমি মনে করিনা, হোয়াইট হাউসে যাওয়ার মতো জ্ঞান ও অভিজ্ঞতা সিনেটর ওবামার আছে। এছাড়া অনেক ক্ষেত্রেই তার মধ্যে ভুল ধারণা আছে।"
তবে ওবামা ম্যাককেইনের এই আক্রমণের জবাব দেন ভিন্নভাবে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিভিন্ন নীতিকে ভুল দাবি করে এর সঙ্গে ম্যাককেইনকে টেনে তিনি বলেন, "দুজনই ইরাকের বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন এবং অন্যান্য সমস্যাগুলো তারা এড়িয়ে যাচ্ছেন।"
তিনি আরও বলেন, "পরবর্তী প্রেসিডেন্টকে অসংখ্য সমস্যা মোকাবেলা করতে হবে। এজন্য তার বিস্তৃত কৌশলগত দৃষ্টিভঙ্গীর প্রয়োজন।"
তবে একটি বিষয়ে দুই প্রার্থীই একমত হন। তারা আশা করছেন, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় সাতশ' বিলিয়ন মার্কিন ডলারের যে সহায়তা প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে কংগ্রেস তাতে সম্মতি দেবে।
যুক্তরাষ্টের অনেক ভোটার আছে যারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না নির্বাচনে কার পক্ষে রায় দেবে। দুই প্রার্থীর এই সরাসরি বিতর্ক তাদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24