২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেসের অনুমোদন লাভের পথে ভারত-মার্কিন চুক্তি

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সমর্থন লাভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বিতর্কিত এই চুক্তিতে চূড়ান্ত অনুমোদন লাভের চেষ্টায় আছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ওয়াশিংটন, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সমর্থন লাভের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ভারত-মার্কিন বেসামরিক পরমাণু চুক্তি। নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বিতর্কিত এই চুক্তিতে চূড়ান্ত অনুমোদন লাভের চেষ্টায় আছে ভারত। বৃহস্পতিবার এক বিশিষ্ট মার্কিন আইনপ্রণেতা ভারতের সঙ্গে পরমাণু বাণিজ্যের ওপর থেকে তিন দশকের নিষেধাজ্ঞা অবসান বিল সমর্থন করায় চুক্তিটি চূড়ান্ত অনুমোদন লাভের পথে একধাপ এগিয়েছে।ওয়াশিংটনে সিনেট ও মার্কিন প্রতিনিধি পরিষদে শুক্রবারই চুক্তিটি নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। সংবাদদাতারা অবশ্য বলছেন, অনুমোদন প্রক্রিয়াটি হবে খুবই জটিল। চুক্তিতে অনুমোদর লাভের চেষ্টায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতোমধ্যেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে দেখা করেছেন। এ সময় সিং কে বুশ বলেন, "চুক্তিটি এ পর্যায়ে আসতে দুপক্ষকেই প্রচুর কাজ করতে হয়েছে। তাছাড়া, ভারতের পক্ষ থেকে অনেক সাহসও দেখাতে হয়েছে। আর তাই চুক্তিতে কংগ্রেসের অনুমোদন পাইয়ে দিয়ে আমরা আপনাদেরকে সন্তুষ্ট করতে চাই। সে কারণেই আমরা যত দ্রুত সম্ভব এতে কংগ্রেসের অনুমোদনের জন্য কঠোর পরিশ্রম করছি।" ওদিকে, মনমোহনও বলেন, তিনিও আশা করেন কংগ্রেস এমনভাবে চুক্তিটি অনুমোদন করবে যাতে দু'দেশই এতে সন্তষ্ট হতে পারে। মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি চেয়ারম্যান হাওয়ার্ড বারম্যান ভারত-মার্কিন পরমাণু চুক্তি অনুমোদনের জন্য একটি বিল উত্থাপন করেছেন। সিনেটের পররাষ্ট্র সম্পর্ক কমিটি মঙ্গলবার বিলটি অনুমোদন করলেও এটি পাস এবং সই হওয়ার আগে আরও কয়েকটি ধাপ পেরুতে হবে। বিলটি এখনও সিনেট কিংবা প্রতিনিধি পরিষদে উপস্থাপন করা হয়নি। দেরিতে কংগ্রেসে উত্থাপনের কারণেই বিলটি শেষ মুহূর্তের অনুমোদন পেতে জটিলতা দেখা দিতে পারে। কারণ, কংগ্রেসে ইতোমধ্যেই নানা জটিলবিষয় নিয়ে বিতর্ক চলছে। ওদিকে, সংবাদদাতারা বলছেন, বিলটিতে অনুমোদন পেতে বুশ প্রশাসনের ডেমোক্র্যাটদের সহায়তার প্রয়োজন পড়বে। কারণ, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে। কোনও বিল অনুমোদনের আগে কংগ্রেসের ৩০ দিন অপেক্ষা করার আইন দূর করতেই ডেমোক্র্যাটদের সহায়তা প্রয়োজন পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১০ ঘ.