কুয়ালা লামপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবি। তবে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে না দেওয়ায় সরকারের কার্যক্রমে অচলাবস্থা এবং ক্ষমতাসীন জোটের বেকায়দায় পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা, বিরোধীরা ক্ষমতালাভের জন্য মরিয়া হয়ে উঠেছে।
শুক্রবার এক ঘোষণায় বাদাবি জানিয়েছেন, ২০১০ সালে তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করার যে পরিকল্পনা রয়েছে তার আগেই তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তবে বাদাবি ঠিক কবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তারিখ তিনি ঘোষণায় জানাননি।
ক্ষমতাসীন জোটের প্রধান দল 'ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন' (ইউএনএমও) গত শুক্রবার সিদ্ধান্ত নিয়েছে দলের নেতৃত্বের ভোট ডিসেম্বরের পরিবর্তে আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ওই ভোটে বাদাবির পরাজয় ঘটতে পারে। এউএনএমও ৫১ বছর ধরে মালয়েশিয়ার ক্ষমতায় আছে।
তবে দলীয় নির্বাচনে তিনি প্রতিযোগিতা করবেন নাকি তার আগেই সরে দাঁড়াবেন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। কিন্তু আগামী নির্বাচনের আগে পদত্যাগের বিষয়টি তিনি ইতিমধ্যে পরিস্কার করেছেন। ২০১৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
পরিচয় প্রকাশ না করার শর্তে কুয়ালালামপুরের এক কূটনীতিক রয়টার্সকে বলেন, "বাদাবি সময় ক্ষেপণের চেষ্টা করছেন। তবে এ সময়ের মধ্যে তিনি কিছুই নিজের পক্ষে আনতে পারবেন না, ইউএনএমও ও তাকে সেটা করতে দেবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/ এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.
bdnews24