জাতিসংঘ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইতোমধ্যেই খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের চাপে হিমশিম খাওয়া উন্নয়নশীল দেশগুলোকে শেষ সীমায় ঠেলে দেবে চলমান বৈশ্বিক আর্থিক সংকট। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক বুধবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পার্শ্ব আয়োজনে নিউ ইয়র্কে ব্যবসায়ীদের একটি ফোরামে বক্তৃতা দেওয়ার সময় জোয়েলিক হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক উন্নয়নশীল দেশই ইতোমধ্যেই পণ্যের উচ্চমূল্যের কারণে অতিরিক্ত আমদানি খরচ সামলানোর কঠোর চাপের মধ্যে রয়েছে।
তিনি বলেন, "এখন প্রশ্ন হচ্ছে বৈশ্বিক আর্থিক সংকট থেকে সৃষ্ট চাপের ফলে তারা শেষ সীমায় চলে যাবে কি না।"
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট বলেন, "আমি উদ্বিগ্ন যে, এই সংকটের ফলে আসতে থাকা একের পর এক ধাক্কা" উন্নয়নশীল দেশগুলোকে আরও কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
জোয়েলিক বলেন, উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি পণ্যের চাহিদা পড়ে গেলে, সেখানে প্রতিশ্র"ত বিনিয়োগ না হলে এবং তাদের সঙ্গে বাণিজ্যের শর্তগুলো প্রভাবিত হলে তারা ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে ব্রিটেনের চ্যানেল ফোর টেলিভিশনকে জোয়েলিক বলেন, আর্থিক সংকটের প্রভাব ইতোমধ্যেই উন্নয়নশীল দেশগুলোর ইকুইটি মার্কেটের ওপর পড়তে শুরু করেছে এবং তাদের কর্পোরেট ঋণের বিস্তারেও তা স্পষ্ট হচ্ছে।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭০২ ঘ.
bdnews24