বার্লিন, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গরিব দেশগুলোতে দুর্নীতির কারণে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে এতে করে বিশ্বব্যাপী দারিদ্রবিরোধী লড়াই পিছিয়ে পড়ছে। দুর্র্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন 'ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' (টিআই) মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত বার্ষিক 'কোরাপশন পারসেপশন ইনডেক্স' (সিপিআই) এ টিআই জানায়, দুর্নীতির সমস্যা মোকাবেলায় দাতা দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
সিপিআইতে ১৮০টি দেশের সরকারি সেক্টরে দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। এখানে দুর্নীতির ক্ষেত্রে শূন্য থেকে শুরু করে ১০টি স্তরে দেশগুলোকে বিন্যস্ত করা হয়েছে। সবচেয়ে বেশি দুর্নীতির দেশকে শূন্য এবং সর্বনিন্ম দুর্নীতির দেশগুলোকে ১০ মাত্রায় দেখানো হয়েছে।
টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে দুর্নীতির দেশ হিসেবে চিহ্নিত হয়েছে যৌথভাবে সোমালিয়া ও মিয়ানমার। তাদের পয়েন্ট ১ দশমিক চার। তাদের ঠিক ওপরে ১ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় শীর্ষ দুর্নীতির দেশ ইরাক।
টিআইবি'র হিসেবে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, সুইডেন এবং নিউজিল্যান্ড। দেশ তিনটির পয়েন্ট ৯ দশমিক ৩।
নিম্ন আয়ের দেশগুলোতে দুর্নীতির কারণে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন টিআই এর চেয়ারপার্সন হুগুয়েত্তে লাবেল্লে।
এক বিবৃতিতে তিনি বলেন, "দুর্নীতি রোধ করা ও নিয়ন্ত্রণে রাখার জন্য পার্লামেন্ট, আইন প্রয়োগকারী সংস্থা, স্বাধীন গণমাধ্যম ও সুশীল সমাজকে বৃহত্তর ভূমিকা পালন করতে হবে।"
তিনি আরও বলেন, "কিন্তু এ সমস্ত প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়লে দুর্নীতির ঘোড়া লাগামহীনভাবে ছুটতে থাকে। আর এতে করে চরম বিপর্যয়ের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24