হেলসেঙ্কি, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলে একটি কারিগরি স্কুলের এক ছাত্র মঙ্গলবার বেপরোয়া গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে। পরে সে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দুকধারী জীবীত এবং আহত অবস্থায় হাসপাতালে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, কাওহাজকি স্কুলের ওই ছাত্র স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে স্কুল ভবনে প্রবেশ করে দফায় দফায় গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করে। পরে সে নিজেকে গুলি করে।
কাওহাজকি শহরের মেয়র আনতি রানতাকোক্কো প্রাথমিক খবরে রয়টার্সকে বলেন, "ওই ছাত্র কয়েকজনকে হত্যা করেছে। তবে সঠিক সংখ্যা আমি জানি না। পরিস্থিতি এখন শান্ত।"
উদ্ধারতৎপরতার সমন্বয়কারী স্থানীয় একটি হাসপাতালের প্রধান সার্জন কারি সারিনেন জানান, হামলাকারী যখন স্কুলের ভেতর গুলি করে একের পর এক মানুষ হত্যা করছে তখন আক্রান্তদের সাহায্যার্থে কিছুই করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ওই এলাকার সব হাসপাতালকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। তিনিও হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তবে অনেকে নিহত ও আহত হয়েছে বলে তিনি জানান।
ফিনল্যান্ডের স্কুলে এটি এক বছরেরও কম সময়ের মধ্যে ২য় গুলির ঘটনা।
এর আগের বছর ফিনল্যান্ডের জোকেলা হাই স্কুলে একই ধরনের গুলির ঘটনা ঘটে। সেবার হত্যাকারী ছাত্র ৬ জন ছাত্রসহ স্কুল নার্স ও প্রিন্সিপালকে হত্যা করে। হত্যাকাণ্ড ঘটানোর আগে হত্যাকারী ভিডিও ইউটিউবে তার এ অভিপ্রায় জানিয়েছিল। হত্যাকান্ডের পর হত্যাকারী আত্মহত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭১২ ঘ.
bdnews24