২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইফুন হাগুপিটে ফিলিপাইনে ৩ জনের মৃত্যু, ধেয়ে যাচ্ছে চীনের দিকে

সোমবার ফিলিপাইনে আঘাত হানার পর মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে আরও শক্তি সঞ্চয় করছে টাইফুন হাগুপিট। ফিলিপাইনে হাগুপিটের কবলে পড়ে ৩ জনের মৃত্যু হয়। সেখানে আরও চারব্যক্তি নিখোঁজ এবং একটি সোনার খনিতে ১৩ শ্রমিক আটকা রয়েছেন। টাইফুনটি এখন চীনের হংকং এর দিকে ধেয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

হংকং, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোমবার ফিলিপাইনে আঘাত হানার পর মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে আরও শক্তি সঞ্চয় করছে টাইফুন হাগুপিট। ফিলিপাইনে হাগুপিটের কবলে পড়ে ৩ জনের মৃত্যু হয়। সেখানে আরও চারব্যক্তি নিখোঁজ এবং একটি সোনার খনিতে ১৩ শ্রমিক আটকা রয়েছেন। টাইফুনটি এখন চীনের হংকং এর দিকে ধেয়ে যাচ্ছে। টাইফুন হাগুপিট ঘণ্টায় ৩০ কিলোমিটার করে চীনের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় মঙ্গলবার আবহাওয়া সংস্থা 'হংকং অবজারভেটরি' ৩ নম্বর সতর্কতা জারি করেছে। একইসঙ্গে তারা জানিয়েছে, "ঝড়ের জন্য আজ সন্ধ্যা নাগাদ ৮ নম্বর সতর্কতা জারি করা প্রয়োজন কি-না তা বিবেচনা করবে অবজারভেটরি।" ঝড়ের সর্বোচ্চ সতর্কতা সংকেত হচ্ছে ১০। হাগুপিট আতঙ্কে মঙ্গলবার হংকংয়ে শিশুদের সব স্কুল বন্ধ রয়েছে। এছাড়া দুপুরের পর থেকে নগরীর কন্টেইনার বন্দর এবং টার্মিনালগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে হংকং থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল হাগুপিট। ধারণা করা হচ্ছে, বুধবার এটি চীনে আঘাত হানতে পারে। এর আগে সোমবার হাগুপিটের আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে তিনজন নিহত হয় এবং এখনো চারজন নিখোঁজ রয়েছে। এছাড়া, সেখানকার একটি সোনার খনিতে ১৩ শ্রমিক আটকা পড়ে আছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৪৩ ঘ.