২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম ঊর্ধ্বমুখী, একদিনে ১৬ ডলার বৃদ্ধির রেকর্ড

অশোধিত তেলের দাম সোমবার একদিনে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার রেকর্ড তৈরী হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ১৬ ডলার বেড়ে বিক্রি হয় ১২০ ডলারের বেশি দামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 05:45 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অশোধিত তেলের দাম সোমবার একদিনে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার রেকর্ড তৈরী হয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে তেলের দাম ব্যারেল প্রতি ১৬ ডলার বেড়ে বিক্রি হয় ১২০ ডলারের বেশি দামে। বিশ্লেষকরা মনে করছেন, চলমান আর্থিক সঙ্কট কাটাতে বুশ প্রশাসন ঘোষিত ৭০০ বিলিয়ন ডলারের উদ্ধার প্রকল্প নিয়ে সংশয়ের প্রেক্ষিতে মার্কিন ডলারের দরপতন এবং আগামী মাসের সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র একদিনেই তেলের দাম এভাবে বেড়ে যায়। ওদিকে, সোমবার ইউরোর বিপরীতে মার্কিন ডলারের দুই শতাংশ দরপতন হয়। প্রসঙ্গত, গত জুলাই মাসের মাঝামাঝি সময়ে তেলের মূল্য সর্বকালের রেকর্ড ভেঙ্গে ১৪৭ ডলারের বেশি পর্যন্ত হয়। অবশ্য, তারপর থেকে তা পড়তে শুরু করে এবং গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে বেশি তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে অশোধিত তেল বিক্রি হয় ব্যারেল প্রতি মাত্র ৯০ ডলারের কাছাকাছি দামে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অক্টোবর সরবরাহের অশোধিত তেল ক্রয়ের শেষ দিন ছিল সোমবার। এদিন দেশটির বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১৬ দশমিক ৩৭ ডলার বা ১৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১২০ দশমিক ৯২ ডলারে বিক্রি হয়েছে। তবে, নভেম্বরের সরবরাহ চুক্তিতে ব্যারেল প্রতি মাত্র ৬ দশমিক ৬২ ডলার বেশি দামে ১০৯ দশমিক ৩৭ ডলারে বিক্রি হয়েছে। হারিকেন আইকে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের তেল স্থাপনাগুলো স্বাভাবিক গতি ফিরে না পাওয়ার বিষয়টিও সোমবার তেলের দাম বাড়ার পেছনে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। কারণ, হারিকেন আইক আঘাত হানার পর থেকে মেক্সিকো উপসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের তেল স্থাপনাগুলোর প্রায় ৮০ শতাংশের উৎপাদন এবং সেখানকার সাতটি শোধনাগার বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৪৯ ঘ.