২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়ংবিয়ন থেকে ক্যামেরা, সিলগালা তুলতে চায় উ কোরিয়া

প্রধান পরমাণু চুল্লি ইয়ংবিয়ন থেকে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) স্থাপন করা ক্যামেরা ও সিলগালা তুলে নিতে চায় উত্তর কোরিয়া। আইএইএ'র প্রধান মোহামেদ এলবারাদি সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্র্র্র্র্র্র্স) - প্রধান পরমাণু চুল্লি ইয়ংবিয়ন থেকে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) স্থাপন করা ক্যামেরা ও সিলগালা তুলে নিতে চায় উত্তর কোরিয়া। আইএইএ'র প্রধান মোহামেদ এলবারাদি সোমবার একথা জানিয়েছেন। ওদিকে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ কূটনীতিবিদরা জানিয়েছেন, উত্তর কোরিয়া সরকারের এ আহ্বানের পরপরই সোমবার ইয়ংবিয়ন চুল্লিতে স্থাপিত ক্যামেরা ও সিলগালা সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার উত্তর কোরিয়া জানায়, তার পরমাণু কর্মসূচির প্রাণকেন্দ্র প্লুটোনিয়াম উৎপাদনে সক্ষম ইয়ংবিয়ন পরমাণু চুল্লিটি পুনরায় চালু করতে যাচ্ছে তারা। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ছয়-জাতি চুক্তির পর পরমাণু চুল্লিটি বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। ওই চুক্তি অনুসারে সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধে সম্মত হয়েছিল দেশটি। ছয়জাতি চুক্তি অনুসারে, পরমাণু কর্মসূচি বন্ধের পরও উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র তার সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের কালো তালিকা থেকে বাদ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেশটি। গত মাসে তারা জানায়, পুনরায় ইয়ংবিয়ন পরমাণু চুল্লিটি চালু করতে যাচ্ছে তারা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মোহামেত এলবারাদি সোমবার বলেছেন, "সংস্থার পরিদর্শকরা লক্ষ্য করেছেন যে, আগে সরিয়ে নেওয়া হয়েছিল এমন কিছু সরঞ্জামাদি আবারও ইয়ংবিয়নে নিয়ে আসা হয়েছে। তবে, এ কারণে ইয়ংবিয়নের 'বন্ধ' অবস্থানের কোনো পরিবর্তন হবে না।" এলবারাদি আরও বলেন, "আমি এখনও আশা করি যে, দ্রুততম সময়ের মধ্যে উত্তর কোরিয়াকে পরমাণু বিস্তার রোধ চুক্তিতে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব এবং এখানে আইএইএ'র নিরাপত্তামূলক পরিদর্শন কাজ পুনরায় শুরু করা সম্ভব।" ওদিকে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ইয়ংবিয়ন পরমাণু চুল্লির কার্যক্রম "পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার" কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮৫৬ ঘ.