২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য বেঁচে গেলেন পাকিস্তানের শীর্ষ নেতারা

ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলার সময় এক নৈশভোজে যোগ দিতে সেখানেই থাকার কথা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি এবং সেনাপ্রধান আশফাক কায়ানিসহ অন্যান্য শীর্ষ নেতাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলার সময় এক নৈশভোজে যোগ দিতে সেখানেই থাকার কথা ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি এবং সেনাপ্রধান আশফাক কায়ানিসহ অন্যান্য শীর্ষ নেতাদের। কিন্তু শেষ মুহূর্তে নৈশভোজের স্থান পরিবর্তনের কারণে ওই হামলা থেকে বেঁচে যান দেশটির শীর্ষ নেতারা। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান রেহমান মালিক সাংবাদিকদের একথা জানান। সোমবার তিনি বলেন, এটি "এক ভয়াবহ বিপর্যয়" হতে পারতো। তবে কেন ওই নৈশভোজের স্থান পরিবর্তন করা হয়েছিল সে বিষয়ে কিছু জানাননি তিনি। ইসলামাবাদে পাঁচতারা হোটেলটির সামনে শনিবারের ওই বোমা হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত এবং ২৬৬ জনেরও বেশি আহত হন। রেহমান মালিক সাংবাদিকদের জানান, "জাতীয় পরিষদের স্পিকার পুরো শীর্ষ নেতৃত্বের জন্য ওই নৈশভোজের আয়োজন করেছিলেন। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধানদের সেদিন ম্যারিয়ট হোটেলে উপস্থিত থাকার কথা ছিল।" তিনি বলেন, "প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী স্থান পরিবর্তন করে একে প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে যান। অনুষ্ঠানটি ম্যারিয়টে হয় নি এবং এভাবেই নেতারা বেঁচে যান।" ইসলামাবাদের ওই হামলায় নিহতদের বেশিরভাগই পাকিস্তানি। তবে একজন ভিয়েতনামি, একজন জার্মান এবং একজন আমেরিকানও ওই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। ওদিকে, ওই হামলার পরপরই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছে বিমান সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.