ইসলামাবাদ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আবারও পাকিস্তানি সেনাদের গুলির তাড়া খেয়ে আফগানিস্তান ফিরে গেল যুক্তরাষ্ট্রের দুটি হেলিকপ্টার। রোববার রাতে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের ৮০ কিলোমিটার পশ্চিমে লাওয়ারা মান্ডি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)
এক সপ্তাহ আগেও এই আদিবাসী অধ্যুষিত এলাকাটির আঙ্গর আড্ডা গ্রামে একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন ওই ঘটনার কথা স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান উভয় দেশের কর্মকর্তারাই ঘটনাটি অস্বীকার করেন।
রোববারের ঘটনার সত্যতার কথাও পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে সেনা মুখপাত্র মেজর মুরাদ খান বলেন, "আমাদের কাছে আমেরিকার হেলিকপ্টারগুলোর সীমান্ত লঙ্ঘন করার কোনো তথ্য নেই।"
এমন পরিস্থিতিতে ঘটনাটির স্পর্শকাতরতার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার দুটি লাওয়ারা মান্ডি এলাকার আকাশসীমা লঙ্ঘন করে।
প্রসঙ্গত, এ মাসের প্রথম দিকে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমান্তবর্তী একটি গ্রামে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানের পর মিত্র দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ৩ সেপ্টম্বরের ওই অভিযানে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়।
অভিযানটি ছিল সীমান্ত পেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্রের স্থলবাহিনীর প্রথম হামলার ঘটনা। অবশ্য, ওই ঘটনা ছাড়াও মার্কিন সেনারা পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত সীমান্তবর্তী এলাকাটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/এলকিউ/১৬০৮ ঘ.
bdnews24