তেল আবিব, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দলের নবনির্বাচিত চেয়ারম্যান জিপি লিভনিকে প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিস্কার করতে রোববার থেকে পদত্যাগের প্রস্তুতি শুরু করতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট।
ওলমার্টের ঘনিষ্ট একটি রাজনৈতিক সূত্র শনিবার জানিয়েছে, রোববার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে ওলমার্ট পদত্যাগের বিষয়ে আলোচনা করতে পারেন। এরপর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তিনি প্রেসিডেন্ট বরাবর পদত্যাগ করবেন।
তবে ওলমার্ট কবে নাগাদ পদত্যাগ করতে পারেন সে বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।
দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে সরিয়ে নতুন নেতা নির্বাচনে গত বুধবার দলীয় সদস্যদের ভোটে দলের চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিভনি। ওলমার্ট পদত্যাগ করলে তিনি দেশটিন নতুন প্রধানমন্ত্রী হবেন বলে আশা করছেন। ১৯৭০ এর দশকে প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের পর তিনিই হবেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
লিভনি আশা করছেন, ওলমার্টের পদত্যাগের পর প্রেসিডেন্ট শিমন প্যারেজ তাকে সরকর গঠনের আহ্বান জানাবেন। সরকার গঠনের জন্য আইন মোতাবেক তিনি সময় পাবেন ১৪ দিন।
ক্ষমতাসীন কাদিমা দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত শুক্রবার তেল আবিবে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে লিভনি দলে সংহতির আহ্বান জানান।
দলীয় নেতাদের উদ্দেশ্যে লিভনি বলেন, "আমাদের খুবই দ্রুত পদক্ষেপ নিতে হবে। অভ্যন্তরীণ রেষারেষির মধ্যে নষ্ট করার মতো সময় আমাদের নেই।"
তিনি আরও বলেন, "সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।"
দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শাউল মোফাজের ৪২ শতাংশ ভোটের বিপরীতে লিভনি ৪৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্য প্রার্থীরা তাদের থেকে অনেক পিছিয়ে।
দুর্নীতির অভিযোগের মুখে চলতি বছরের জুলাই মাসে পদত্যাগের সিদ্ধান্ত নেন ওলমার্ট। উত্তরাধিকারী মনোনীত হলে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন।
লিভনির সমর্থকদের প্রত্যাশা, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্যপুষ্ট এবং কেলেঙ্কারীতে জর্জরিত দলে নতুন প্রাণপ্রবাহ আনবেন মোসাদের এই সাবেক নারী গোয়েন্দা। তবে সমালোচকরা বলছেন রাজনৈতিকভাবে যথেষ্ঠ অভিজ্ঞ নন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২০৫ ঘ.
bdnews24