তেল আবিব, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি দলে সংহতির আহ্বান জানিয়েছেন। শুক্রবার তেল আবিবে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে সরিয়ে নতুন নেতা নির্বাচনে বুধবার দলীয় সদস্যদের ভোটে দলের চেয়ারম্যান নির্বাচিত হন লিভনি। ওলমার্ট পদত্যাগ করলে তিনিই হতে পারেন দেশটিন নতুন প্রধানমন্ত্রী।
দলীয় নেতাদের উদ্দেশ্যে লিভনি বলেন, "আমাদের খুবই দ্রুত পদক্ষেপ নিতে হবে। অভ্যন্তরীণ রেষারেষির মধ্যে নষ্ট করার মতো সময় আমাদের নেই।"
তিনি আরও বলেন, "সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কেননা সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।"
দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী শাউল মোফাজের ৪২ শতাংশ ভোটের বিপরীতে লিভনি ৪৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। অন্য প্রার্থীরা তাদের থেকে অনেক পিছিয়ে।
দুর্নীতির অভিযোগের মুখে চলতি বছরের জুলাই মাসে পদত্যাগের সিদ্ধান্ত নেন ওলমার্ট। উত্তরাধিকারী মনোনীত হলে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা করেন।
তবে নতুন একটি জোট সরকার গঠিত হওয়ার আাগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। এজন্য কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।
লিভনির সমর্থকদের প্রত্যাশা, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্যপুষ্ট এবং কেলেঙ্কারীতে জর্জরিত দলে নতুন প্রাণপ্রবাহ আনবেন মোসাদের এই সাবেক নারী গোয়েন্দা। তবে সমালোচকরা বলছেন রাজনৈতিকভাবে যথেষ্ঠ অভিজ্ঞ নন তিনি।
কাদিমা ২০০৬ সালের মার্চে নির্বাচনে জিতে লেবার দলের সঙ্গে জোট সরকার গঠন করে। সে বছরেরই জানুয়ারি মাসে এরিয়েল শ্যারনের স্ট্রোক হলে এহুদ ওলমার্ট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১২৫৫ ঘ.
bdnews24