২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া দিল্লিতে ২ জঙ্গিকে হত্যা করেছে পুলিশ

ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার সন্দেহভাজন দুই জঙ্গিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। রাজধানীতে গত সপ্তাহের সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খোঁজে অভিযানের সময় পুলিশ তাদের হত্যা করে। নয়া দিল্লির ওই সিরিজ বোমা হামলায় ২৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার সন্দেহভাজন দুই জঙ্গিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। রাজধানীতে গত সপ্তাহের সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খোঁজে অভিযানের সময় পুলিশ তাদের হত্যা করে। নয়া দিল্লির ওই সিরিজ বোমা হামলায় ২৩ জন নিহত এবং শতাধিক লোক আহত হয়। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা কার্নাইল সিং সাংবাদিকদের বলেন, "আমরা গুলি করে দুই জঙ্গিকে হত্যা করেছি।" তিনি বলেন, "একটি ভবনে কমপক্ষে পাঁচজন জঙ্গি লুকিয়ে ছিল। তাদের দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুই জনকে হত্যা ও অপরজনকে আমরা আটক করেছি।" পুলিশ জানিয়েছে, আগে গ্রেপ্তার করা এক সন্দেহভাজন জঙ্গির দেওয়া তথ্য অনুসারে এ অভিযান চালানো হয়। কার্নাইল জানান, নিহতদের একজন নয়া দিল্লির ওই সিরিজ বোমা হামলার প্রধান সন্দেহভাজন আব্দুল সোবহান কোরেশি ওরফে তৌকিরের ঘনিষ্ঠ সহচর। কম্পিটার বিশেষজ্ঞ তৌকির ভারতের নিষিদ্ধঘোষিত একটি ইসলামি ছাত্র সংগঠনের সদস্য। কর্তৃপক্ষ শুক্রবারের অভিযানকে নয়া দিল্লির বোমা হামলার ঘটনা তদন্তে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে। রয়টার্সের এক আলোকচিত্রী জানিয়েছেন, পুলিশ স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তল নিয়ে দক্ষিণ দিল্লির একটি জনবহুল এলাকার একটি মসজিদের পেছনে অবস্থিত ওই ভবনটিতে এ অভিযান চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা প্রায় আধা ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭১০ ঘ.