ঢাকা, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--ইসরায়েলের ক্ষমতাসীন কাদিমা দলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট পদত্যাগ করলে তিনিই হতে পারেন দেশটিন নতুন প্রধানমন্ত্রী।
দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে সরিয়ে নতুন নেতা বেছে নেওয়ার জন্য বুধবার দলীয় নির্বাচনে ভোট দেয় কাদিমা পার্টির সদস্যরা।
নির্বাচনের আগে বা ভোটকেন্দ্র ফেরত ভোটারদের জরিপ থেকেও ধারণা করা হচ্ছিল লিভনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী পরিবহনমন্ত্রী শউল মোফাজের তুলনায় বড় ব্যবধানে বিজয়ী হতে চলেছেন। তবে বুধবার রাতভর ভোট গণনার পর বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছে খুবই সামান্য ব্যবধানে বিজয়ী হয়েছেন লিভনি। মোফাজের তুলনায় তিনি মাত্র এক শতাংশ ভোট বেশি পেয়েছেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পর ৫০ বছর বয়স্ক লিভনি বলেন, "যোগ্য প্রার্থীরই জয় হয়েছে।" তিনি এক সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট ছিলেন।
কাদিমা পার্টির মুখপাত্র স্যামুয়েল দাহান বলেন, "কাদিমা পার্টি আজ একজন নতুন চেয়ারম্যান পেল, তিনি হলেন জিপি লিভনি।"
তিনি জানান, প্রতিদ্বন্দ্বী মোফাজের ৪২ শতাংশ ভোটের বিপরীতে লিভনি ৪৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য প্রার্থীরা তাদের থেকে অনেক পিছিয়ে।
দুর্নীতির অভিযোগ তদন্তের মুখে চলতি বছরের জুলাই মাসে পদত্যাগের পরিকল্পনার কথা প্রকাশ করেন ওলমার্ট। উত্তরাধিকারী মনোনীত হলে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন।
তবে নতুন একটি জোট সরকার গঠিত হওয়ার আাগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদে থাকবেন তিনি। এজন্য কয়েক সপ্তাহ বা মাসও লেগে যেতে পারে।
লিভনির সমর্থকদের প্রত্যাশা, সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্যপুষ্ট এবং কেলেঙ্কারীতে জর্জরিত দলে নতুন প্রাণপ্রবাহ আনবেন মোসাদের এই সাবেক নারী গোয়েন্দা। তবে সমালোচকরা বলছেন রাজনৈতিকভাবে যথেষ্ঠ অভিজ্ঞ নন তিনি।
কাদিমা ২০০৬ সালের মার্চে নির্বাচনে জিতে লেবার দলের সঙ্গে জোট সরকার গঠন করে। সে বছরেরই জানুয়ারি মাসে এরিয়েল শ্যারনের স্ট্রোক হলে এহুদ ওলমার্ট তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭২৬ ঘ.
bdnews24