তাইপেই, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তাইওয়ানে টাইফুন সিনলাকুর আঘাতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত আরও সাতজন। ঘণ্টায় ১০০ মাইল বেগে আঘাত হানা সিনলাকুর কবলে পড়ে তাইওয়ানে একটি সড়ক সেতু বিধ্বস্ত হয়েছে এবং ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়েছে।
তাইওয়ানের মধ্যাঞ্চলের তাইচুং প্রদেশে একটি সেতুর অংশবিশেষ ভেঙ্গে একটি গাড়ি নিচে পড়ে গিয়ে একজন নিহত হয়েছেন। এছাড়া উত্তরাঞ্চলে ভূমিধসের ফলে আরও দুইজন এবং উপকূলীয় রাস্তায় একটি মোটর স্কুটার ছিটকে গিয়ে সাগরে পড়লে অপর একজন নিহত হন।
তাইওয়ানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় টাইফুনের কারণে প্রবল ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেখানে প্রায় ১,৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় ও বৃষ্টির কবলে পড়ে সেখানে অন্তত ১৭ জন লোক আহত হয়েছে।
সোমবার দুপুরে টাইফুনের কেন্দ্রস্থল ছিল তাইওয়ান থেকে ২৫০ মাইল উত্তর-পূর্বে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট 'ট্রপিকালস্টর্মরিস্ক ডটকম' জানায়, টাইফুনটি ক্রান্তীয় ঝড়ে রুপান্তরিত হয়ে জাপানের দিকে অগ্রসর হবে।
এ নিয়ে তাইওয়ানে এ বছর চারটি ঝড় আঘাত হানল। এর আগে ১৮ জুলাই তাইওযানে টাইফুন 'কালমেঘি' আঘাত হানে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬১৩ ঘ.
bdnews24