২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলেসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জন

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস এঞ্জেলেসের পশ্চিমে শুক্রবার বিকেলে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, লালবাতি দেখার পরও যাত্রীবাহী ট্রেনের প্রকৌশলী ট্রেন থামাতে ব্যর্থ হলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 07:31 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নগরী লস এঞ্জেলেসের পশ্চিমে শুক্রবার বিকেলে একটি মালবাহী ও একটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, লালবাতি দেখার পরও যাত্রীবাহী ট্রেনের প্রকৌশলী ট্রেন থামাতে ব্যর্থ হলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। লস এঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ শহরতলীর এ দুর্ঘটনা ১৯৯৯ সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে লস এঞ্জেলেসের পশ্চিমের এ শহরতলীতে একই লাইনে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। লস এঞ্জেলেসের মেয়র এন্তোনিও ভিল্লারেইগোসা জানিয়েছেন, নিহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ, হাসপাতালে চিকিৎসাধীন ৪৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া গুরুতর আহত আরও ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়র এন্তোনিও বলেন, "এটা এমন এক মানবিক বিপর্যয় যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না।" লস এঞ্জেলেস দমকল বিভাগের মুখপাত্র রন মেয়ার্স বলেন, "আমরা ২৪ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছি।" তিনি জানান, এ ঘটনায় প্রায় ১৩৫ জন আহত হয়েছে। ওদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের ২৪ জন ঘটনাস্থলেই এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। শনিবার এক সংবাদ সম্মেলনে রেল লাইন মুখপাত্র ডেনিস টাইরেল বলেন, "এই মুহূর্তে আমাদের স্বীকার করতে হয় যে মেট্রোলিংক প্রকৌশলীর ভুলে গতকালের দুর্ঘটনা ঘটেছে।" টাইরেল আরও জানান, দুর্ঘটনার সময় ট্রেন দুটি ঘণ্টায় ৪০ মাইল বেগে ছুটছিল। তবে ট্রেনের ওই প্রকৌশলীর পরিচয় জানা যায়নি। তিনি জানান, ওই প্রকৌশলী মেট্রোলিংক কোম্পানির এক সাবকন্ট্রাকটরের হয়ে কাজ করতেন এবং দুর্ঘটনায় সম্ভবত তিনি মারা গেছেন। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দুর্ঘটনার সময় যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ২২২ জন যাত্রী এবং মালবাহী ট্রেনটিতে ইউনিয়ন প্যাসিফিকের তিনজন কর্মচারী ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩২৬ ঘ.