বাগদাদ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শারকিয়া টেলিভিশনের তিন সাংবাদিক এবং তাদের গাড়িচালককে হত্যা করেছে বন্দুকধারীরা। উত্তরাঞ্চলের সংঘাতময় মসুল শহরে অবস্থিত ওই টেলিভিশন কেন্দ্রটি থেকে শনিবার তাদের অপহরণের পর গুলি করে হত্যা করা হয়। শারকিয়া টেলিভিশন এবং পুলিশ সূত্রে একথা জানা গেছে।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের পর সেখানকার সাংবাদিকদের ওপর চালানো ভয়াবহ জঙ্গি হামলাগুলোর অন্যতম একটি হিসেবে বিবেচিত হচ্ছে এটি।
শনিবারই রাজধানী বাগদাদ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন মারা যায়। এর আগের দিন শুক্রবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে এক গাড়িবোমা হামলায় মারা যায় ৩০ জন।
এমন প্রেক্ষাপটে শনিবার সংবাদকর্মীদের হত্যার বিষয়টি ইরাকের প্রধানত উত্তরাঞ্চলে সংঘাত বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ইরাকি সরকারের সমালোচনার জন্য পরিচিত দুবাইভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল শারকিয়া শনিবার এক বিবৃতিতে জানায়, "আজ দুপুরে সশস্ত্র লোকেরা আমাদের চারজন কর্মীকে অপহরণ করে হত্যা করেছে।"
বিবৃতিতে আরও জানানো হয়, নিহতরা হচ্ছেন চ্যানেলটির মসুলের প্রধান প্রতিনিধি মুসাব মাহমুদ আল-আজওয়াবি এবং দুইজন চিত্রগ্রাহক ও একজন গাড়িচালক।
মসুল এবং পার্শ্ববর্তী নিনেভেহ প্রদেশে ইরাকি সেনা অভিযানের মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল
খালিদ আব্দুল সাত্তার জানিয়েছেন, সংবাদকর্মী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ নিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমডি/১৫৩২ ঘ.
bdnews24