২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাস উপকূলে আঘাত হেনেছে হারিকেন আইক

প্রবল বাতাস ও ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ টেক্সাস উপকূলে শনিবার ভোররাতে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন আইক। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

হাউস্টন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রবল বাতাস ও ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের ঘনবসতিপূর্ণ টেক্সাস উপকূলে শনিবার ভোররাতে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন আইক। তবে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, রাজ্যের সবচেয়ে বড় এবং যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম নগরী হাউস্টনের কাছের প্রাচীর দ্বীপ হিসেবে পরিচিত গ্যালভেস্টন শহরে শনিবার ভোররাত দুইটার পর ঘণ্টায় ১১০ মাইল (১৭৫ কিলোমিটার) বেগে ক্যাটাগরি ২ মাত্রার শক্তি নিয়ে আঘাত হেনেছে আইক। এনএইচসি আরও জানিয়েছে, আর মাত্র ঘণ্টায় এক মাইল গতি বাড়লে আইক ৩ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওদিকে, আইকের আকার ও প্রচণ্ডতা অবাক করে দিয়েছে টেক্সাসবাসীকে। জানা গেছে, এর বাতাসের বলয় প্রায় টেক্সাস রাজ্যের আয়তনের সমান। রাজ্যের ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, ২০০৫ সালে নিউ অরলিন্সে ধ্বংসযজ্ঞ চালানো হারিকেন ক্যাটরিনার পর যুক্তরাষ্ট্রের কোনো শহরে আঘাত হানতে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবেও বিবেচিত হচ্ছে আইক। প্রবল বাতাসের সঙ্গে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বের আঘাতে উপকূলীয় শহর গ্যালভেস্টনের ১৭ ফুট উচ্চতার একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। ১৯০০ সালে ৪ মাত্রার এক হারিকেনের আঘাতে এখানে আট হাজার লোকের প্রাণহানির পর এই বাঁধটি তৈরি করা হয়েছিল। তবে এলাকাটির ৬০ হাজার অধিবাসীর অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখান থেকে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারিকেন আইকের প্রভাবে হাউস্টনের উপকূলীয় এলাকা থেকে শুরু করে টেক্সাসের প্রায় ৫০ মাইল এলাকা জুড়ে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। শক্তিশালী এ হারিকেনের কারণে মেক্সিকো উপসাগরে থাকা যুক্তরাষ্ট্রের ১৭টি তেল শোধনাগার বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের 'দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস' শুক্রবার সতর্ক করে বলেছে, যারা সতর্কতা উপেক্ষা করে উপকূলীয় এলাকায় অবস্থান করছেন তারা মৃত্যুর মুখে পড়তে পারেন। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঝড়ে যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী একশ' মাইল এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে এবং প্লাবিত হতে পারে সেখানকার লক্ষাধিক ঘরবাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭২১ ঘ.