লা পাজ/সান্তা ক্রুজ, বলিভিয়া, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বলিভিয়ার উত্তরাঞ্চলীয় পান্ডো এলাকায় সামরিক আইন জারি করা হয়েছে। এলাকাটিতে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার পর শুক্রবার এ পদক্ষেপ নিয়েছে দেশটির বামপন্থি সরকার।
এক ঘোষণায় সরকার জানিয়েছে, উত্তরাঞ্চলের পান্ডোতে বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে কাউকে অস্ত্রসহ পেলেই গ্রেপ্তার করা হবে।
ওদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের সংঘর্ষের এলাকা থেকে আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে।
বলিভিয়ার সমাজতান্ত্রিক সংস্কারের বিরোধী ডানপন্থি চারজন প্রাদেশিক গভর্নরের সমর্থক এবং বামপন্থি প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে শুক্রবার সরকারের মন্ত্রী আলফ্রেডো রাডা সাংবাদিকদের বলেন, "পান্ডোতে সত্যিকারের নৃশংস হত্যাকাণ্ড হয়েছে।"
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক এবং কৃষক।
কর্মকর্তারা আরও জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রায় ৩০টি সরকারি ভবনে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৫২২ ঘ.
bdnews24