ব্যাংকক, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - থাইল্যান্ডের ক্ষমতাসীন জোটের মূল দল পিপল পাওয়ার পার্টি (পিপিপি) সামাক সুন্দরাভেজকে প্রধানমন্ত্রীর পদে পুর্নবহাল করতে চায়। নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে শুক্রবারের ভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সামাককে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি। সামাক ওই মনোনয়ন গ্রহণ করেছেন।
ওদিকে ব্যাংককে প্রধানমন্ত্রী কার্যালয় ঘিরে রাখা বিক্ষোভকারীরা বলছে তারা পিপিপি থেকে কোনো প্রধানমন্ত্রী মেনে নেবে না। সামাককে তো নয়ই।
টেলিভিশনে রান্নার অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে আইন ভঙ্গের দায়ে মঙ্গলবার সামাককে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেয় দেশটির সাংবিধানিক আদালত।
পিপিপির মুখপাত্র কুদেব সাইক্রাচ্যাং রয়টার্সকে বলেন, দলে ভোট গ্রহণের মাধ্যমে সামাককে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ক্ষমতাসীন জোটের অন্যান্য শরিক দল চায় এমন কাউকে প্রধানমন্ত্রী করা হোক যে 'পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রাসি' (পিএডি) এর সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কমাতে পারে।
সামাক সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার হাতের পুতুল হিসেবে কাজ করছে এবং ক্ষমতায় থাকাকালীন রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করে আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে পিএডি'র।
পিএডি'র নেতা সমসাক কোসাইসুক প্রধানমন্ত্রীর দপ্তরে সাংবাদিকদের বলেন, "মোদ্দা কথা হচ্ছে এই সামাক আবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, তিনি অনেকবার সংবিধান লঙ্ঘন করেছেন।"
সরকারর এই প্রশশসিক সদর দপ্তরটি পিএডি'র বিক্ষোভকারীরা গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে।
তিনি আরও বলেন, "পিপিপি থেকে কেউ প্রধানমন্ত্রী এমনকি মন্ত্রীও হতে পারবে না।" এমনটি হলে সরকারকে অচল করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করে দিয়েছেন।
আদালত সামাককে ক্ষমতা থেকে সরে যাওয়ার আদেশ দিলেও আবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪৪৮ ঘ.
bdnews24