জেনেভা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বহুল আলোচিত 'বিগ ব্যাঙ' তত্ত্বের পরীক্ষা নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। তারা বলছেন, বুধবার শুরু হতে যাওয়া ঐতিহাসিক এ পরীক্ষায় বেরিয়ে আসতে পারে মহাবিশ্ব এবং তার উৎপত্তি সম্পর্কিত অজানা তথ্য।
তবে এ পরীক্ষার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে বলে যেসব 'আশঙ্কার' কথা বলা হচ্ছে তা নাকচ করে দিয়েছেন বিজ্ঞানীরা।
সুইজারল্যান্ড-ফ্রান্স সীমান্তে মাটির নিচে ২৭ কিলোমিটারের একটি বৃত্তাকার টানেলে পরীক্ষাটি চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে গবেষণা প্রতিষ্ঠান 'ইউরোপীয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ' (সিইআরএন)।
সিইআরএন এর প্রধান ফরাসি পদার্থবিজ্ঞানী অ্যান্ড রবার্ট আয়মার জানিয়েছেন, ৬ দশমিক ৪ বিলিয়ন ইউরোর এ প্রকল্প সফল হলে এর মাধ্যমে মানব সভ্যতা অনেক দূর এগিয়ে যাবে।
এ সম্পর্র্কে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ব্রাইয়ান কক্স বলেছেন, "পরীক্ষায় আমরা যা আশা করছি তার কিছু কিছু না ঘটলে বা আমাদের অজানা কিছু দেখা গেলে তা হবে আরও বেশি উদ্দীপনার। কারণ, আমরা প্রকৃতি সম্পর্কে যা ধারণা করি তার চেয়ে কম বুঝি।"
ইউনিভার্সিটি অফ মিশিগান এর জেরার্ডাস টি'হুফট বলেন, "আমি অপ্রত্যাশিত কিছু দেখার আশা করছি।"
তিনি সম্ভবত এ পরীক্ষার প্রধান যন্ত্র 'লার্জ হারড্রন কলিডর' (এলএইচসি) মেশিনের কথা উল্লেখ করে বলেন, "মেশিনটি আমাদের এমন সব জিনিস দেখাতে পারে যার অস্তিত্ব সম্পর্কে আমরা জানি না।"
বিগ ব্যাঙ এর একেবারে শুরুতে কী কী ঘটেছিল তা জানতে সিইআরএন এর 'লার্জ হারড্রন কলিডর' মেশিনের ভেতরে আলোর গতির কাছাকাছি গতিতে কণার রশ্মি ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে প্রায় ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগে ছোট্ট একটি কয়েনের মতো বস্তুর ওই মহাবিস্ফোরণে (বিগ ব্যাঙ) গঠিত হয় মহাবিশ্বের সব গ্রহ-নক্ষত্র। আর তারই ধারাবাহিকতায় আমাদের পৃথিবীতে বিকাশ হয় প্রাণের।
সিইআরএন এ গবেষণার অন্যতম লক্ষ্য "হিগস বসন" নামের একটি কণা খুঁজে বের করা। স্কটল্যান্ডের পদার্থবিজ্ঞানী পিটার হিগস এর নামে নামকরণ করা হয় এ কণাটির। তিনি ১৯৬৪ সালে শক্তি হিসাবে এমন এরূপ একটি কণার ধারণা দেন যা বস্তুর ভর সৃষ্টি করে । আর যার ফলে সম্ভব হয় এই মহাবিশ্ব সৃষ্টির।
পদার্থবিজ্ঞান এবং মহাবিশ্বের সুপারসিমেট্রি, কৃষ্ণবস্তু ও কৃষ্ণশক্তির মতো অন্যান্য বিষয়ের রহস্য জানাও এ গবেষণার লক্ষ্য।
অনেকের আশঙ্কা, এই গবেষণার ফলে অনেকগুলো ব্ল্যাকহোল তৈরি হয়ে গবেষণা কেন্দ্র সিইআরএন, ইউরোপ, এমনকি পুরো পৃথিবী গ্রাস হয়ে যেতে পারে। এছাড়া এ পরীক্ষার ফলে "স্পেস-টাইম" এ একটি "ওয়ার্ম হোল" সৃষ্টি হয়ে সেখান দিয়ে অন্য মহাবিশ্বের প্রাণীরা আমাদের হামলার সুযোগ পেয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এমএইচবি/১৮৩৫ ঘ.
bdnews24