নয়াদিল্লি, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাটা মোটরস পশ্চিমবঙ্গের সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে। সিঙ্গুরের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার অগ্রগতির বিষয়টি রাজ্য সরকার পুরোপুরি না জানানোয় টাটা তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য লিখেছেন সিএনএন-আইবিএন এর প্রতিবেদক সুমন চক্রবর্তী।
সোমবার টাটার এক মুখপাত্র বলেছেন, রাজ্য সরকার ও বিক্ষোভকারী পক্ষের মধ্যকার আলোচনার ব্যাপারে স্পষ্টভাবে অবগত না হওয়ায় টাটা মটরস লিমিটেড হতাশ। এ কারণে সিঙ্গুরে ন্যানো কারখানা প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
ন্যানো নামে বিশ্বের সবচেয়ে কমদামী গাড়ি বাজারে ছাড়ার এই প্রকল্পের কার্যক্রম কোনোভাবে ব্যাহত হবে না এমন নিশ্চয়তা পেলেই কেবল টাটা তাদের সিদ্ধান্ত পূর্নবিবেচনা করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
এ ব্যাপারে টাটা মটরসের করপোরেট কমিউনিকেশন বিভাগের প্রধান দেবাশীস রায় বলেন, মূল কারখানা ও অন্যান্য সহযোগী ইউনিটগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণের বিষয় সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে এবং সিঙ্গুরে কারখানাটি দীর্ঘমেয়াদে ভালোভাবে চলবে- এ ব্যাপারে সংশ্লিষ্ট সব মহলকে প্রতিশ্র"তি দিতে হবে।
তবে বিক্ষোভে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিনেশ ত্রিবেদী বলেছেন, প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত 'টাটার অভ্যন্তরীণ বিষয়' এবং এ সিদ্ধান্তের জন্য তার দল দায়ী নয়।
তৃণমূল কংেেসর নেতৃত্বে সিঙ্গুরে কৃষকদের বিক্ষোভের কারণে গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সিঙ্গুরে ন্যানো প্রকল্পের কার্যক্রম স্থগিত করে টাটা মটরস। স্থানীয় কৃষকরা গত দুবছর থেকে সরকারের অধিগ্রহণকৃত কৃষি জমির বিপরীতে ন্যয়সঙ্গত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ করে আসছে।
সমস্যা নিরসনে এ সপ্তাহের শুরুতে রাজ্যপালের মধ্যস্থতায় রাজ্য সরকার ও বিক্ষোভকারীদের মধ্যে আলোচনা হয়। সরকার কিছু কৃষি জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিলে আন্দোলন বন্ধ করতে সম্মত হয় বিক্ষোভকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকেসি/টিএইচ/এমএইচবি/২০০০ ঘ.
bdnews24