বেইজিং, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে গত চারদিনে তিনটি কয়লা খনি দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আরও ১৮ জন আটকা পড়ে আছে এবং নিখোঁজ রয়েছে তিনজন। সোমবার চীনা গণমাধ্যম সূত্রে একথা জানা গেছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনান প্রদেশের একটি কয়লা খনিতে রোববার বন্যার পানি ঢুকে পড়লে ২৪ জন আটকা পড়ে। তবে খনিটি থেকে এ পর্যন্ত মাত্র ছয়জনকে উদ্ধার করা গেছে।
চায়না নিউজ সার্ভিস প্রকাশিত খবরে জানা গেছে, সিচুয়ান প্রদেশে শুক্রবার গ্যাস বিস্ফোরণে যে কয়লা খনিটি দুর্ঘটনায় পড়ে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে উন্নীত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও তিনজন।
এর আগে বৃহস্পতিবার চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অন্য একটি খনি দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়।
প্রসঙ্গত, চীনে খনি দুর্ঘটনার ঘটনা প্রায় দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। গত বছর দেশটিতে খনি দুর্ঘটনায় মোট ৩৭৮৬ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৪১৪ ঘ.
bdnews24