২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান মার্কিন সাহায্য ব্যয় করছে ভারতের সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক সাহায্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতিতে ব্যয় করছে। গত বহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/টাইমস অফ ইন্ডিয়া) - মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া আর্থিক সাহায্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতিতে ব্যয় করছে। গত বহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা একথা বলেন। ফক্স নিউজের বিল ও'রেইলিকে দেওয়া সাক্ষাৎকারে ইলিনয়ের সিনেটর ওবামা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোটি কোটি ডলার দিয়েছে। ইসলামাবাদের সামরিক শাসকরা সেই অর্থ ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে কাজে লাগিয়েছে। ওবামা বলেন, "আমরা সামরিক সাহায্য হিসেবে পর্যাপ্ত শর্ত ছাড়াই পাকিস্তানকে কোটি কোটি ডলার দিয়েছি। চেয়েছি এই অর্থ তারা সন্ত্রাসবিরোধী যুদ্ধে ব্যয় করবে। কিন্তু তা না করে সেই অর্থ তারা ব্যয় করেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে।" সাক্ষাৎকারে ওবামা পাকিস্তানে চরমপন্থার বিকাশের কড়া সমালোচনা করেন। ১৯৮০'র দশকে জিয়াউল হকের শাসনামলে পাকিস্তান সফর করেন ওবামা। সে সময় তিনি ছাত্র ছিলেন। তার মা পাকিস্তানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাহায্য কর্মসূচিতে দেওয়া অর্থের দেখভাল করতেন। ওবামার মা পাকিস্তানে পাঁচ বছর ছিলেন। এ সময় ওবামা সেখানে কয়েক মাস কাটান। ওবামা এমন একটা সময় এই মন্তব্য করলেন যখন পাকিস্তানকে ১৫ বিলিয়ন ডলার উন্নয়ন সাহায্য দেওয়ার বিষয়টি বিবেচনা করছে মার্কিন সিনেট। ওবামার রানিং মেট জোসেফ বাইডেন এই বিলটির প্রধান উদ্যোক্তা। সিনেট সম্মতি দিলে আগামী এক দশক ধরে পাকিস্তানকে এই অর্থ দেওয়া হবে। এক্ষেত্রেও সে ধরনের ধরাবাধা শর্ত দেওয়া হচ্ছে না। ওবামা জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি পাকিস্তানকে দেওয়া সামরিক সাহায্য সন্ত্রাসবিরোধী যুদ্ধে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করবেন। ওবামা পাকিস্তানে পুরামাত্রায় সামরিক অভিযানকে সমর্থন করেন বলে যে গুজব রয়েছে তা তিনি প্রত্যাখ্যান করেছেন। পরিবর্তে তিনি জানান, ইসলামাবাদ সন্ত্রাসীদের দমনে ব্যর্থ হলেই কেবল পাকিস্তানের সন্ত্রাসীদের অবস্থানের ওপর কিছু হামলা চালানো যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫২ ঘ.