কায়রো, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরের রাজধানী কায়রোর পূর্বাঞ্চলের একটি বস্তি এলাকায় শনিবার পাহাড় ধ্বসে পাথর চাপা পড়ে কমপক্ষে ২০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা একথা জানিয়েছে।
ঘন বসতিপূর্ণ মানসিয়াত নাসের বস্তি এলকায় ওই পাহাড় ধ্বসে অনেকগুলো বাড়ি চাপা পড়েছে। আরও ধ্বসের আশঙ্কায় ওই এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিনা।
পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা দমকল, অ্যাম্বুলেন্স ও প্রশিক্ষিত কুকুর নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সরকারের পক্ষ থেকে উদ্ধারের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
পুলিশ এলাকাটি ঘিরে দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এর বাইরে জড়ো হয়ে বিলাপ করছে নিহত, আহত ও ধ্বংসস্তুপে চাপা পড়া মানুষের স্বজনেরা।
পাশে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে একজন ক্ষোভ প্রকাশ করেন এভাবে- "তারা শুধু পকেটে হাত দিয়ে দাড়িয়ে আছে। আটকে পড়াদের উদ্ধারে কিছুই করছে না।"
তিনি আরও বলেন, "এই ঘটনা যদি সুরা কাউন্সিলে (পার্লামেন্টের উচ্চকক্ষ) ঘটত তাহলে সরকার সেনাবাহিনী নামিয়ে ঝাপিয়ে পড়ত উদ্ধার অভিযানে।
গত আগস্টে সুরা কাউন্সিলে আগুন লাগার পর তা নেভাতে সেনাবাহিনী তলব করা হয়েছিল। সেনাবাহিনী হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৫৫ ঘ.
bdnews24