বেইজিং, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই শনিবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
বেইজিং প্যারাঅলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোদ দিতে একদিনের সফরে চীন সফরে শনিবার বেইজিংয়ে পৌঁছান আহমাদিনেজাদ। সেখানে তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া ইরানি অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বেইজিংয়ের 'গ্রেট হল অব দ্য পিপল' এ রুদ্ধদ্বার বৈঠকের আগে হু জিনতাওকে আহমাদিনেজাদ বলেন, "অতীতে আমাদের মধ্যে অনেক খোলামেলা আলোচনা হয়েছে। জনবল বিনিময় ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্য কাজ করছে চীন ও ইরান।"
চীনে গত ১২ মে'র ভয়াবহ ভূমিকম্পের পর ইরানের সাহায্যের জন্য হু এ সময় ইরানি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৮০ হাজার মানুষ নিহত হয়।
জাতিসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ভিটো ক্ষমতার অধিকারী চীন বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে ইরানকে বিরত রাখতে অন্য পাঁচটি বিশ্ব শক্তির সঙ্গে কাজ করছে।
পশ্চিমাবিশ্ব অভিযোগ করে আসছে, তেহরান পরমাণু বোমা তৈরির লক্ষ্যে পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। কিন্তু তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এএমটি/১৮০৯ ঘ.
bdnews24