২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সামরিক নেতাদের বৈঠক, অভ্যুত্থানের আশঙ্কা নাকচ

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের পদত্যাগের দাবি থেকে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের পথ নিয়ে শুক্রবার বৈঠক করেছে সেদেশের সামরিক নেতারা। সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা না জানালেও সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করে দিয়েছেন তারা। স্থানীয় গণমাধ্যম শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ব্যাংকক, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের পদত্যাগের দাবি থেকে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানের পথ নিয়ে শুক্রবার বৈঠক করেছে সেদেশের সামরিক নেতারা। সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা না জানালেও সামরিক অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করে দিয়েছেন তারা। স্থানীয় গণমাধ্যম শনিবার একথা জানিয়েছে। দ্য মাতিচন পত্রিকা জানায়, সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার বুনসরাং নিয়ুমপ্রাদিত সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর সুপ্রিম কমান্ডার বুনসরাং সাংবাদিকদের বলেন, "আমরা সংকট সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করছি। তবে আলোচনা থেকে খুব বেশি কিছু পাওয়া যায়নি।" তিনি বলেন, "আমরা জনগণকে এটা নিশ্চিত করতে চাই যে, আমরা অভ্যুত্থান করছি না, কেননা এটা আরও বেশি জটিলতা তৈরী করবে। আর কেউই এটা চায় না।" পদত্যাগের জন্য গত তিন মাস ধরে প্রবল চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ। বিরোধী জোট পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (পিএডি) এর কর্মী সমর্থকরা গত ১২ দনি ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে আছে। ওদিকে, সংকট সমাধানের লক্ষ্যে নিজের পদত্যাগের ইস্যুতে দেশে গণভোটের প্রস্তাব দিলেও প্রধানমন্ত্রী সামাকের ওই প্রস্তাবে তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪২০ ঘ.