ব্যাংকক, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সামাক সুন্দরাজেভ যে গণভোট পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন তাতে তেমন সাড়া মেলেনি। শুক্রবার সমালোচকরা তার ওই প্রস্তাবকে কালক্ষেপণের একটি কৌশল হিসাবে অভিহিত করেছেন। একইসঙ্গে তারা বলেছেন, গণভোটের মাধ্যমে সমস্যার তেমন কোনো সমাধান আসবে না এবং এর মধ্য দিয়ে চলমান অস্থিতিশীলতা আরও প্রলম্বিত হবে।
ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) বিক্ষোভকারীরা গত ১১ দিন ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তাদের নেতারা জানিয়েছেন, সামাক পদত্যাগ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় দখল রাখাসহ আন্দোলন চলবে।
কিন্তু বিরোধীদের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ বৃহস্পতিবার জাতীয় গণভোটের এ প্রস্তাব দেন।
তবে গণভোটে থাইল্যান্ডের সাড়ে ছয় কোটি লোকের সামনে কোন কোন বিষয় রাখা হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া, প্রক্রিয়াগত কারণে এটা অনুষ্ঠিত হতেও বেশ সময় লাগবে।
বৃহস্পতিবার এক বেতার ভাষণে সামাক জানান, গণভোট আয়োজনের লক্ষ্যে দ্রুত একটি আইন পাস করার জন্য তিনি সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "গণভোটে প্রচারাভিযানের জন্য মাসাধিককাল সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সব পক্ষই তাদের কথা জনগণের কাছে তুলে ধরতে পারবে।" একইসঙ্গে তিনি জানান, ব্যাংককে বিক্ষোভকারীরা চাইলে এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রাখতে পারে।
বৃহস্পতিবার পিএডি নেতা সোনধি লিমথংকুল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "সামাক যতক্ষণ না পদত্যাগ করছেন আমরা এখান থেকে নড়ছি না। সেটা যত দিন বা যত বছর লাগুক। এমনকি যদি আগামী প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয়।"
পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। আর তখন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।
এবার পিএডি'র অভিযোগ, প্রধানমন্ত্রী সামাক অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে সরকার পরিচালনা করছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রূপান্তরের চেষ্টা করছেন।
সামাককে ক্ষমতাচ্যুত করতে গত তিন মাস ধরে বেশ শান্তিপূর্ণভাবে এ আন্দোলন চলছিল। কিন্তু গত সোমবার রাতে সরকারপন্থি সমর্থক এবং সরকারবিরোধীদের মধ্যকার সংঘর্ষে একজনের প্রাণহানি এবং ৪৫ জন আহত হওয়ার পর দিন রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়।
এ জরুরি অবস্থার মধ্যেও ব্যাংককে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাচ্ছে পিএডি।
ওদিকে বৃহস্পতিবার রাতে ব্যাংককে সামাকের বাড়ি অভিমুখে মিছিল নিয়ে যেতে থাকা বেশ কিছু ছাত্রের ওপর হামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মটরসাইকেলে চড়ে এক বন্দুকধারী ওই ছাত্রদের ওপর গুলি চালায়। এতে দুই ছাত্র আহত হয়েছে।
অবশ্য, পুলিশ এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে অভিহিত করেছে এবং জানিয়েছে, নগরী শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৪০০ ঘ.
bdnews24