সেইন্ট পল, যুক্তরাষ্ট্র, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন বলেছেন, আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে কিভাবে ধরতে হবে তা তার জানা আছে। (আরও তথ্যসহ)
টেলিভিশন চ্যানেল এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি বলেন, "প্রেসিডেন্ট ক্লিনটনের লাদেনকে ধরার সুযোগ ছিল, প্রেসিডেন্ট বুশেরও লাদেনকে ধরার সুযোগ ছিল ..(কিন্তু তা হয়নি)। আমি জানি কিভাবে এটা করতে হবে এবং আমি এটা করব।"
ম্যাককেইন বলেন, "আমি বিষয়টি বুঝি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান আমার আছে এবং এজন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা এবং এ সংক্রান্ত শিক্ষাদীক্ষাও আমার আছে। সিনেটর ওবামার তা নেই।"
মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান পাইলট হিসেবে ভিযেতনামে যুদ্ধ করা এবং পাঁচ বছরের বন্দিজীবন কাটানোর অভিজ্ঞতা সম্পন্ন ম্যাককেইন ওবামা সম্পর্কে বলেন, "তিনি জানেন না কিভাবে এ বিশ্ব চলে এবং কিভাবে সামরিক বাহিনী কাজ করে।"
গত সপ্তাহে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বারাক ওবামা বলেন, আল-কায়েদার দিকে মনোযোগ না দিয়ে লাদেনকে আফগানিস্তান থেকে পালিয়ে যেতে দিয়ে ইরাক যুদ্ধের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন ম্যাককেইন। এ বিষয়ে তার মনোযোগ আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন।
শুরু থেকেই ইরাক যুদ্ধে সমর্থন দিয়ে আসছিলেন সিনেটর ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩০ ঘ.
bdnews24