২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৫ বছরের মধ্যে প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর লিবিয়া সফর এ সপ্তাহে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ সপ্তাহে ঐতিহাসিক সফরে লিবিয়া যাচ্ছেন। এটা হবে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 06:41 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এ সপ্তাহে ঐতিহাসিক সফরে লিবিয়া যাচ্ছেন। এটা হবে অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে লিবিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রাইসের জন্মেরও আগে সর্বশেষ ১৯৫৩ সালের মে মাসে লিবিয়া সফর করেছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন ফস্টার ডালেস। রাইসের এ সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্যন ম্যাককরম্যাক বলেন, "এটা ঐতিহাসিক সফর। নিশ্চিতভাবেই এটা যুক্তরাষ্ট্র-লিবিয়ার সম্পর্কে নতুন অধ্যায়ের নির্দেশক।" ৪-৭ সেপ্টেম্বরের এ সফরে রাইস লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে বৈঠক করবেন আশা করা হচ্ছে। লিবিয়া সফরের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকার তিউনিসিয়া, আলজেরিয়া এবং মরক্কো যাওয়ারও কথা রয়েছে। আর সর্বশেষ ইউরোপের পর্তুগাল সফর শেষে আগামী রোববার ওয়াশিংটন ফিরে আসার কথা রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৩৪ ঘ.