বেইজিং, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান ও ইউনান প্রদেশে শনিবারের ভূমিকম্পে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে এবং প্রায় ১ লাখ ৮০ হাজার বাড়িঘড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলের প্রায় ৪ লাখ ৪৪ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার একথা জানিয়েছে।
শনিবারের এ ভূমিকম্পের কেন্দ্র ছিল সিচুয়ান-ইউনান সীমান্তের পানঝিহুয়া শহরের ২০ মাইল দক্ষিণপূর্বে। স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎসস্থল ছিল প্রায় ৬ মাইল গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 'ইউএসজিএস' একথা জানিয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। অবশ্য সিনহুয়া বলেছে এর মাত্রা ৬ দশমিক ১।
ভূমিকম্পে ১৯২ জন আহত হয়েছেন বলে জানায় সিনহুয়া। এতে ৬৫৬টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারী বর্ষণ ও দুর্গম এলাকায় অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে বলেও জানায় সংবাদ সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/২২০৪ ঘ.
bdnews24