২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে এগিয়ে জারদারি

পাকিস্তনের নির্বাচন কমিশন শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আগামী সপ্তাহের এই নির্বাচনে লড়াই হবে মূলত ত্রিমুখী। প্রধান প্রতিদ্বন্দ্বী পিপিপি প্রার্থী আসিফ আলী জারদারির সঙ্গে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের প্রার্থী সাঈদুজ্জান সিদ্দিকি ও মুশাররফপন্থি দলের প্রার্থী মুশাহিদ হুসেইন সাঈদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2008, 12:57 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ইসলামাবাদ, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তনের নির্বাচন কমিশন শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আগামী সপ্তাহের এই নির্বাচনে লড়াই হবে মূলত ত্রিমুখী। প্রধান প্রতিদ্বন্দ্বী পিপিপি প্রার্থী আসিফ আলী জারদারির সঙ্গে লড়বেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের প্রার্থী সাঈদুজ্জান সিদ্দিকি ও মুশাররফপন্থি দলের প্রার্থী মুশাহিদ হুসেইন সাঈদ। আগামী ৬ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারিকে মনোনয়ন দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত হওয়ার জন্য প্রাদেশিক ও জাতীয় পরিষদে পর্যাপ্ত সমর্থন তিনি জোগাড় করতে সক্ষম হবেন। জারদারির প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রার্থী সাবেক বিচারপতি সাঈদুজ্জান সিদ্দিকি। পিএমএল-এন পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম দল। বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহাল ও প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন ইস্যুতে মতপার্থক্যের কারনে তারা গত সপ্তাহে পিপিপির নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে। নির্বাচনে তৃতীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট মুশাররফপান্থি দলের প্রার্থী সাবেক মন্ত্রী মুশাহিদ হোসেন সাঈদ। সাঈদ গত শুক্রবার জানিয়েছেন, মানসিক অসুস্থতার কারণে পিপিপি নেতা জারদারির প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিৎ। ব্রিটেনের ফাইনান্সিয়াল টাইসম পত্রিকা চলতি সপ্তাহে একটি প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন অভিযোগে ১১ বছর জেলে কাটানো জারদারির মানসিক সমস্যা আছে। তবে পিপিপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তিনি দীর্ঘ সময় বন্দি অবস্থায় কাটিয়েছেন এবং এ সময় তার ওপর নির্যাতনও হয়েছে, যে কারণে তাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে। তবে তার অর্থ এই নয় যে তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু পত্রিকার ওই বিষয়টি উল্লেখ করে জারদারিকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেছেন মুশাহিদ হুসেইন সাঈদ। সাঈদ বলেন, "পত্রিকার ওই খবর সত্য নাকি মিথ্যা এবং এ বিষয়ে তার বক্তব্য কি তা জানার অধিকার পাকিস্তানের জনগণের আছে। কিন্তু এ বিষয়ে সরকার বা জারদারির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।" তিনি আরও বলেন, "আমি তাকে অনুরোধ জানাব... .. বৃহত্তর স্বার্থ অর্থাৎ গণতান্ত্রিক স্থিতিশীলতা ও দলের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।" তবে পিপিপির এক মুখপাত্র, জারদারির সরে দাড়ানোর পরামর্শ প্রত্যাখ্যান করেছেন এবং একই সঙ্গে দলের ভেতরে অনেকেই তাকে সরে দাঁড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন বলে যে খবর বেরিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন। মুখপাত্র ফারাহনাজ ইস্পাহানি বলেন, "দলের সর্বসম্মতিক্রমে জারদারিকে প্রার্থী করা হয়েছে এবং আমাদের অনুরোধেই তিনি নির্বাচন করতে রাজি হয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫৫ ঘ.