পাটনা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- ভারতের বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির অরও অবনতি হয়েছে। ওই এলাকায় ৫০ বছরের মধ্যে ভয়াবহ এই বন্যায় নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। এর ওপর ভারী বৃষ্টিপাত ও রাস্তাঘাট ধ্বসে যাওয়ায় ত্রাণ কার্যক্রম চালাতে বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে।
পার্শ্ববর্তী নেপালে গত মাসে কোশি নদীর একটি বাঁধ ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে। বন্যার পানিতে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। কিন্তু এলকাবাসীকে সময় মতো সরিয়ে নিতে পারেনি কর্তৃপক্ষ। ফলে লাখ লাখ মানুষ আটকা পড়ে পানির মধ্যে।
কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় এ পর্যন্ত প্রায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। প্রত্যন্ত এলাকায় আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২৫ হাজার বাড়িঘর। অনেকের রান্না করে খাওয়ার কোনো উপায়ও নেই।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী নিতিশ মিশ্র শনিবার রয়টার্সকে বলেন, "ভারী বর্ষণের কারনে আমরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে পারছি না। গতকাল সারাদিন এত বৃষ্টি হয়েছে যে আমাদের ত্রাণবাহী হেলিকপ্টার অধিকাংশ স্থানে পৌঁছাতে পারিনি।"
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা সুপাল জেলার অমিত কুমার বলছিলেন, "আমার ক্ষুধার্ত বাচ্চারা কান্নাকাটি করছে। চাল রান্না করে খাব সে সুযোগও নাই। বাধ্য হয়ে শুকনা চাল খেতে হচ্ছে।"
অনেকে আটার সঙ্গে পানি মিশিয়ে রান্না করা ছাড়াই খাচ্ছেন।
নদীর পানির সঙ্গে অতিবর্ষণের কারণে পানির স্তর বাড়ছে। এই পানি সরে যেতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। এ অবস্থায় পানিবাহিত রোগজীবাণু মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৫ ঘ.
bdnews24