ব্যাংকক, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার পতনের দাবিতে বিরোধীদের অব্যাহত আন্দোলন সত্ত্বেও প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ শনিবার জানিয়ে দিয়েছেন হুমকির মুখে তিনি পদত্যাগ করছেন না।
সরকারি একটি অনুষ্ঠানে ভাষণে সামাক জানান, বিক্ষোভকারীদের সঙ্গে তিনি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। বিরোধী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) নেতৃত্বে বিক্ষোভকারীরা গত মঙ্গলবার থেকে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে।
সামাক বলেন, "বিরোধীদের হুমকির মুখে আমি কখনোই পদত্যাগ করব না।" রাজা ও রানীর সম্মানে একটি খেলার মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগদানকারীরা এ সময় করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে উৎসাহ দেন।
তিনি জানান, গত ডিসেম্বরে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে তার ছয়দলীয় জোট ক্ষমতায় এসেছে। অসাংবিধানিকভাবে তাদের সরানো যাবে না।
সামাক বলেন, "জনগণের রায় নিয়ে আমি ক্ষমতায় এসেছি। কাজেই আইন মোতাবেক আমি ক্ষমতা ছাড়ব। কেউ চাইলে বা কারো হুমকির মুখে নয়।"
রাজা ভূমিবলের সঙ্গে বৈঠক করার জন্য বিকালে তিনি উপকূলীয় শহর হুয়া হিনে যাচ্ছেন বলে তিনি জানান।
সামাকের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা শুক্রবার ব্যাংককে পুলিশ সদরদপ্তরে হামলা চালায়। বিক্ষোভের মুখে শুক্রবার ফুকেট বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। এছাড়া রেল চলাচলও ব্যহত হচ্ছে।
ব্যাংকক থেকে রয়টার্সের এক সাংবাদিক জানান, প্রায় দুই হাজার বিক্ষোভকারী ব্যাংককে পুলিশ সদরদপ্তরে হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।
সরকারের দুটি পৃথক সূত্র শুক্রবার জানায়, প্রধানমন্ত্রী সামাকের কিছু পরামর্শক এখন তাকে দেশে জরুরি অবস্থা জারির পরামর্শ দিচ্ছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানান, "প্রধানমন্ত্রীকে এখন জরুরি অবস্থা জারির প্রস্তাব দেওয়া হচ্ছে।"
সূত্র জানায়, পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সামাক এর আগে শীর্ষ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
পিএডি অভিযোগ করে আসছে, প্রধানমন্ত্রী সামাক অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে সরকার পরিচালনা করছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রুপান্তরের চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.
bdnews24