ওয়াশিংটন, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - মাত্র এক দশক আগেও সারাহ পলিনের পরিচিতির গণ্ডি সীমাবদ্ধ ছিল আলাস্কার ছোট শহর ওয়াসিলায়। প্রথমে সিটি কাউন্সিলের সদস্য পরে ওয়াসিলার মেয়র। এরপর আলাস্কার সবচেয়ে কমবয়সী এবং প্রথম নারী গভর্নর। এখন আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস গড়তে হোয়াইট হাউসের দিকে ছুটছেন পলিন।
যুক্তরাষ্ট্রের ক্ষমতা কেন্দ্র থেকে পলিন এতোটাই দূরে ছিলেন যে, আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার আগে প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনের সঙ্গেও তার দেখা হয়েছিল মাত্র একবার।
১৯৬৪ সালের ১১ ফেব্র"য়ারি আইডাহো রাজ্যের স্যান্ডপয়েন্টে জন্মগ্রহণ করেন পলিন। পুরো নাম সারাহ লুইস হিথ পলিন। আইডাহো ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।
১৯৮৮ সালে ব্রিটিশ প্রেট্রোলিয়ামের কর্মকর্তা টোড পলিনকে বিয়ে করেন এবং স্বামীর পৈত্রিক নিবাস ওয়াসিলায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৬ সালে দুই দফায় স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হন সারাহ পলিন। এরপর ১৯৯৬ এবং ১৯৯৯ সালে দুইবার তিনবছরের মেয়াদে ওয়াসিলার মেয়র নির্বাচিত হন পলিন।
২০০৬ সালে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী টনি নোলেসকে হারিয়ে সবচেয়ে কম বয়সী এবং প্রথম নারী হিসেবে আলাস্কার গভর্নর নির্বাচিত হন সারাহ পলিন।
২৯ আগস্ট ২০০৮ রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন পলিনকে তার রানিং মেট ঘোষণা করেন। রিপাবলিকান দলের মনোনীত প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী তিনি। রিপাবলিকান শিবির নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রের ইতিহাস হয়ে থাকবেন পলিন।
রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর পলিনের সঙ্গে সঙ্গে আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট রাজ্য আলাস্কাও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ব্যক্তিজীবনে পাঁচ সন্তানের জননী পলিন। আলস্কার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের দ্বিতীয় বর্ষে এ বছরের এপ্রিল মাসে তার সবচেয়ে ছোট সন্তান জন্ম গ্রহণ করে। তার বড় ছেলে গত বছরের ১১ সেপ্টেম্বর মার্কিন সেনাবাহিনীতে যোগ দেয় এবং এ বছর ওই একই দিনে ইরাকে যুদ্ধ করতে যাচ্ছে।
পরিচিতদের মধ্যে সুন্দরী হিসেবে খ্যাত সারাহ পলিন একজন ভাল স্যুটার এবং 'ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন' এর আজীবন সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫২০ ঘ.
bdnews24