মস্কো, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়া সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রিপাবলিকানদের নির্বাচনে জেতানোর চেষ্টাতেই জর্জিয়ায় যুদ্ধ উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং সশরীরে উপস্থিত থেকে জর্জিয়া বাহিনীর আগ্রাসনে মদদ দিয়েছে মার্কিন সামরিক উপদেষ্টারা।
জর্জিয়ায় সেনা পাঠানো এবং দেশটির বিচ্ছিন্নতাকামী অঞ্চল আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়াকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রবল সমালোচনার মুখে আছে রাশিয়া। পশ্চিমা সমালোচনার চাপ ঠেকাতে এখন পশ্চিমিদের পাল্টা আঘাত হানছেন পুতিন।
জার্মানির টেলিভিশন চ্যানেল এআরডি-কে শুক্রবার এসব কথা বলেছেন পুতিন। এর আগে সিএনএন'কে দেওয়া এক সাক্ষাৎকারে করা মন্তব্যেরই বিশদ সেখানে বলেছেন তিনি। পুতিনের সিএনএন এর মন্তব্যকে "সর্বৈব মিথ্যা" বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
টেলিভিশন চ্যানেল এআরডি-কে পুতিন বলেন, "আমরা জানি সেখানে (জর্জিয়ায়) যুক্তরাষ্ট্রের অনেক উপদেষ্টারা আছেন... এসব প্রশিক্ষক, শিক্ষক এবং অন্যান্য সামরিক ব্যক্তিদের থাকার কথা ফায়ারিং রেঞ্জ কিংবা প্রশিক্ষণ কেন্দ্রে। কিন্তু তারা কোথায় ছিলেন? তারা সামরিক অভিযান চালানোর জায়গাগুলোতে ছিলেন।"
এর আগে দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়া বাহিনীর পিছু হটার পর সেখানে মার্কিন কর্মকর্তাদের পাসপোর্ট পাওয়ার দাবি করে রাশিয়া।
পুতিন বলেন, "এ থেকে একটা উপসংহারে আসা যায় যে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বিষয়টি জানতো, এর জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং এতে অংশও নিয়েছে।"
বিগত দুই মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন বর্তমান প্রধানমন্ত্রী পুতিন আরও বলেন, "যদি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বিষয়টি অনুমোদন করে থাকেন তাহলে আমি এই সন্দেহ করতেই পারি যে, একটি ছোট্ট যুদ্ধে জেতার বাসনা নিয়েই তা সংঘটিত করতে চেয়েছিল তারা।"
তিনি বলেন, "যদি ওই পরিকল্পনায় কাজ নাও হয় তাহলেও একটা শত্র" হিসেবে রাশিয়ার আবির্ভাব চিহ্নিত করা যাবে এবং ওই ইস্যুতে একজন প্রেসিডেন্ট প্রার্থীর পেছনে সবাইকে জড়ো করা যাবে। আর তা নিশ্চয়ই ক্ষমতাসীন দলের প্রার্থী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪১৫ ঘ.
bdnews24