২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসিডেন্ট নির্বাচন থেকে জারদারির সরে দাঁড়ানো উচিৎ: প্রতিদ্বন্দ্বী প্রার্থী

মানসিক অসুস্থতার কারণে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আফিস আলী জারদারির প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিৎ বলে শুক্রবার জানিয়েছেন তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশাহিদ হোসেন সাঈদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ইসলামাবাদ, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানসিক অসুস্থতার কারণে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আফিস আলী জারদারির প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিৎ বলে শুক্রবার জানিয়েছেন তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুশাহিদ হোসেন সাঈদ। আগামী ৬ সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারিকে প্রার্থী ঘোষণা করেছে পিপিপি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত হওয়ার জন্য প্রাদেশিক ও জাতীয় পরিষদে পর্যাপ্ত সমর্থন তিনি জোগাড় করতে সক্ষম হবেন। কাজেই জারাদরি পাকিস্তানের আগামী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। ব্রিটেনের ফাইনান্সিয়াল টাইসম পত্রিকা চলতি সপ্তাহে একটি প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন অভিযোগে ১১ বছর জেলে কাটানো জারদারির মানসিক সমস্যা আছে। তবে পিপিপি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তিনি দীর্ঘ সময় বন্দি অবস্থায় কাটিয়েছেন এবং এ সময় তার ওপর নির্যাতনও হয়েছে, যে কারণে তাকে অনেক মানসিক চাপ সহ্য করতে হয়েছে। তবে তার অর্থ এই নয় যে তিনি মানসিকভাবে অসুস্থ। কিন্তু পত্রিকার ওই বিষয়টি উল্লেখ করে জারদারিকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করেছেন নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফপন্থী দলের প্রার্থী সাবেক মন্ত্রী মুশাহিদ হুসেইন সাঈদ। সাঈদ বলেন, "পত্রিকার ওই খবর সত্য নাকি মিথ্যা এবং এ বিষয়ে তার বক্তব্য কি তা জানার অধিকার পাকিস্তানের জনগণের আছে। কিন্তু এ বিষয়ে সরকার বা জারদারির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।" দেশের এবং গণতন্ত্রের স্বার্থে জারদারির দলের এই বিতর্কের উর্ধ্বে থাকা উচিৎ বলে তিনি জানিয়েছেন। সাঈদ বলেন, "আমি তাকে অনুরোধ জানাব... .. বৃহত্তর স্বার্থ অর্থাৎ গণতান্ত্রিক স্থিতিশীলতা ও দলের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন।" তবে পিপিপির এক মুখপাত্র, জারদারির সরে দাড়ানোর পরামর্শ প্রত্যাখ্যান করেছেন এবং একই সঙ্গে দলের ভেতরে অনেকেই তাকে সরে দাঁড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন বলে যে খবর বেরিয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন। মুখপাত্র ফারাহনাজ ইস্পাহানি বলেন, "দলের সর্বসম্মতিক্রমে জারদারিকে প্রার্থী করা হয়েছে এবং আমাদের অনুরোধেই তিনি নির্বাচন করতে রাজি হয়েছেন।" পাকিস্তানের নির্বাচন কমিশন আগামী শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩৫ ঘ.