কিংসটন, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- ক্রান্তীয় ঝড় গুস্তাভের আঘাতে বৃহস্পতিবার ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৭০ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়টি আগামী সপ্তাহের মধ্যেই শক্তিশালী হারিকেনে রূপ নিয়ে নিউ অরলিন্স এবং মেক্সিকো উপকূলের তেল ক্ষেত্রে আঘাত হানাতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, গুস্তাভ ক্যারিবীয় অঞ্চলে আঘাত হেনেছে। এছাড়াও আটলান্টিক মহাসাগরে হান্না নামের ৬৫ কিলোমিটার গতি সম্পন্ন আরেকটি ক্রান্তীয় ঝড় সৃষ্টি হচ্ছে। এই ঝড় বাহামা এবং ফ্লোরিডায় আঘাত হানতে পারে।
হারিকেন কেন্দ্র আরও জানিয়েছে, গ্রিনিচ মান সময় মধ্যরাতে ক্রান্তীয় ঝড় গাস্টাভ জ্যামাইকার কিংসটন থেকে ১৫ মাইল পশ্চিমে অবস্থান করছে। ঘণ্টায় ১১০ থেকে ১১৯ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। শুক্রবারের মধ্যে এটি হারিকেনে রূপ নিতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হারিকেন কেন্দ্র।
নিউ অরলিন্সের বাসিন্দাদের শুক্রবার থেকে নিরাপদ অবস্থানে চলে যেতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন লুসিয়ানার গভর্নর ববি জিন্দাল। শুক্রবার হারিকেন ক্যাটরিনা আঘাত হানার তৃতীয় বার্ষিকী। হারিকেন ক্যাটরিনা ২০০৫ সালে নিউ অরলিন্সে আঘাত হানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩২৫ ঘ.
bdnews24