বাগদাদ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০১১ সালের শেষ নাগাদ বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটানোর ইরাকের দাবিতে যুক্তরাষ্ট্র রাজি এবং এই মতৈক্যের ভিত্তিতে দুপক্ষ নিরাপত্তা চুক্তিতে উপনীত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি সোমবার একথা জানিয়েছেন।
বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনে আদিবাসী নেতাদের উদ্দেশে এক বক্তব্যে মালিকি বলেন, "সত্যিই চুক্তি হয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমায় দুপক্ষ একমত হয়েছে। আর তা হল ২০১১ সালের মধ্যে ইরাকের মাটিতে বিদেশি সেনা উপস্থিতির অবসান ঘটানো।"
মালিকি আরও বলেন, "হ্যাঁ। ইরাকের নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় বড় ধরনের এই অগ্রগতি হয়েছে।"
ইরাক সরকার আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই ইরাকের গ্রাম ও শহরগুলোতে মার্কিন সেনা টহল শেষ করার এবং ২০১১ সালের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে আগে থেকেই।
কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস গত সপ্তাহে বাগদাদ সফরকালে বলেছিলেন, এ ব্যাপারে কোনও চূড়ান্ত চুক্তি হয়নি। ওদিকে, বুশ প্রশাসনও স্পষ্টতই সেনা প্রত্যাহারের কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এড়িয়ে চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫১ ঘ.
bdnews24