মস্কো, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ 'ফেডারেল কাউন্সিল' সোমবার একটি প্রস্তাব পাস করেছে। তবে এ প্রস্তাবের কোনো আইনগত বাধ্যবাধকতা নেই।
ফেডারেল কাউন্সিলে ১৩০-০ ভোটে পাস হওয়া ওই প্রস্তাবে জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী ওই অঞ্চল দুটিকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভকে আহ্বান জানিয়েছেন রুশ পার্লামেন্টের সদস্যরা।
পার্লামেন্টের নিম্মকক্ষ 'স্টেট দুমা'-তেও একই ধরনের একটি প্রস্তাব পাস হওয়ার কথা রয়েছে সোমবার।
আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়ায় দীর্ঘদিন ধরে রুশ সেনাদের অবস্থান এবং গত ৭-৮ আগস্টে শুরু হওয়া সংক্ষিপ্ত রুশ-জর্জিয়া যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ইতোমধ্যেই নাজুক হয়ে পড়েছে। এ ধরনের পদক্ষেপের কারণে নতুন করে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের বড় ধরনের বিরোধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফেডারেল কাউন্সিলে অঞ্চল দুটির স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার নিয়ে বিতর্ক চলাকালে কাউন্সিলের স্পিকার সের্গেই মিরোনভ বলেন, "আজ এটি স্পষ্ট যে, দক্ষিণ ওসেটিয়ায় জর্জিয়ার আগ্রাসনের পর জর্জিয়া-দক্ষিণ ওসেটিয়া এবং জর্জিয়া-আবখাজিয়ার সম্পর্ক আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না।"
তিনি বলেন, "দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়ার জনগণের স্বাধীনতা পাওয়ার অধিকার আছে"।
এ পদক্ষেপকে জর্জিয়াতে রুশ সেনা অবস্থানের বিষয়ে পশ্চিমাদের সঙ্গে দরকষাকষিতে রাশিয়ার একধাপ আগাম চাল হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।
ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট ফ্রান্স আগামী ১ সেপ্টেম্বর রুশ-জর্জিয়া সংঘাত এবং রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক পর্যালোচনার জন্য সদস্য দেশগুলোর একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.
bdnews24