২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে প্রেসিডেন্ট মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন জোটে আলোচনা

প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন নিয়ে শনিবার পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে আলোচনা হয়েছে পাকিস্তানের। আগামী ৬ সেপ্টেম্বর পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ইসলামাবাদ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন নিয়ে শনিবার পাকিস্তানের ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে আলোচনা হয়েছে পাকিস্তানের। আগামী ৬ সেপ্টেম্বর পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন জোটের নেতৃত্বে থাকা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চাইছে বেনজিরের স্বামী আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট পদে বসাতে। যদিও তিনি এ বিষয়ে এখনো সম্মতি দেননি। তবে এ সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নিতে পারেন বলে আশা করা হচ্ছে। জোটের অন্যতম শরিক পাকিস্তান মুসলিম লীগ (এন) এর নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এ নিয়ে আলোচনার জন্য শনিবার লাহোরে গেছেন পিপিপির কয়েকজন ঊর্ধ্বতন নেতা। পিপিপির মুখপাত্র জামিল সুমরো বলেন, "পিপিপি নেতারা নওয়াজ শরীফের সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কারন আমরা চাইছি দুই দল যৌথভাবে প্রার্থী মনোনয়ন দিতে।" পাকিস্তানের নির্বাচন কমিশন গত শুক্রবার ঘোষণা দিয়েছে আগামী ৬ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিশংসন এড়াতে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ গত সপ্তাহে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। ৪টি প্রাদেশিক পরিষদের সদস্যদের এবং পার্লামেন্টের দুই কক্ষের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পারভেজ মুশাররফের পদত্যাগে রাজনৈতিক অচলবস্থা কেটে গিয়ে পাকিস্তানে অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যার সুরাহা হবে-- বিনিয়োগকারী ও মিত্ররা এমনটি আশা করলেও তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। জোট সরকারের ২য় বৃহত্তম দলের নেতা নওয়াজ শরীফ আগামী বুধবারের মধ্যে বরখাস্ত বিচারকদের স্বপদে পুনর্বহাল করার সময় বেধে দিয়েছেন। তা না হলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এই হুমকির মধ্যে সরকারের জন্য এখন আরেকটি বড় চ্যালেঞ্জ হল নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা। পিপিপি ইতোমধ্যে প্রেসিডেন্ট পদের জন্য জারদারির নাম প্রস্তাব করেছে। পার্টির মুখপাত্র ফারজানা রাজা বলেছেন, পার্টির বেশির ভাগ সদস্যই মনে করেন, জারদারিরই প্রেসিডেন্ট হওয়া উচিত। দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের একটি আঞ্চলিক দল বলেছে, তারা জারদারিকেই প্রেসিডেন্ট পদে দেখতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২৫ ঘ.