২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন জারদারি

পাকিস্তানের ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার হুমকি দেখা দেওয়ায় প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ইসলামাবাদ, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার হুমকি দেখা দেওয়ায় প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগে রাজনৈতিক অচলবস্থা কেটে গিয়ে দেশে অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যার সুরাহা হবে-- বিনিয়োগকারী ও মিত্ররা এমনটি আশা করলেও তেমন লক্ষণ দেখা যাচ্ছে না। জোট সরকারের ২য় বৃহত্তম দলের নেতা নওয়াজ শরীফ শুক্রবারের মধ্যে বরখাস্ত বিচারকদের স্বপদে পুনর্বহাল না করা হলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এই হুমকির মধ্যে সরকারের জন্য এখন আরেকটি বড় চ্যালেঞ্জ হল নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা। জোট সরকারের নেতৃত্বে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রেসিডেন্ট পদের জন্য জারদারির নাম প্রস্তাব করেছে। পার্টির মুখপাত্র ফারজানা রাজা বলেছেন, পার্টির বেশির ভাগ সদস্যই মনে করেন, জারদারিরই প্রেসিডেন্ট হওয়া উচিত। তবে তিনি বলেন, এ ব্যাপারে পার্টি শুক্রবার সিদ্ধান্ত জানাবে। পাকিস্তানের সংবিধানের আওতায় মুশাররফের পদত্যাগের ৩০ দিনের মধ্যে পাকিস্তানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে। ৪টি প্রাদেশিক পরিষদের সদস্যদের এবং পার্লামেন্টের দুই কক্ষের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের একটি আঞ্চলিক দল বলেছে, তারা জারদারিকেই প্রেসিডেন্ট পদে দেখতে চায়। কিন্তু জারদারি এ ব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। শরীফের দল বলছে, তারা পাকিস্তানের ছোট প্রদেশগুলো থেকে নতুন প্রেসিডেন্ট চায়। বিশ্লেষকরা বলছেন, দুই দল একসঙ্গে মুশাররফকে বিদায় করার পর এখন তাদের মধ্যে মতবিরোধটাই বড় হয়ে দেখা দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২১ঘ.