২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিচারকদের পুনর্বহাল নিয়ে জোট সরকারে বিরোধ

বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহাল নিয়ে মঙ্গলবার নেতাদের মতবিরোধে অচলবস্থা দেখা দিয়েছে পাকিস্তানের জোট সরকারে। মুশাররফের পদত্যাগ এবং তার পরপরই বোমা হামলায় ২৫ জন নিহতের ঘটনার মধ্যে জোট সরকারে এই বিরোধ দেশকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 03:13 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ইসলামবাদ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)--- বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহাল নিয়ে মঙ্গলবার নেতাদের মতবিরোধে অচলবস্থা দেখা দিয়েছে পাকিস্তানের জোট সরকারে। মুশাররফের পদত্যাগ এবং তার পরপরই বোমা হামলায় ২৫ জন নিহতের ঘটনার মধ্যে জোট সরকারে এই বিরোধ দেশকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মুশাররফ সোমবার অভিশংসন এড়াতে পদত্যাগ করার পর জোট নেতারা দেশের অর্থনীতি ও নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা নিয়েও আলোচনা হয়। কিন্তু গত বছর প্রেসিডেন্ট মুশাররফের বরখাস্ত করা বিচারকদের পুনর্বহালের বিষয়টি নিয়ে আলোচনায় একমত হতে পারেননি নেতারা। জোট সরকারের প্রধান দুই দল পিপিপি এবং পিএমএল-এন ১৯৯০ সাল থেকেই তিক্ত প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা বলছেন, মুশাররফের বিরোধিতা করতেই দল দুটি একাট্টা হয়েছিল। এখন মুশাররফের বিদায়ে আবার দুই দল বিভক্ত হয়ে পড়তে পারে। জোট সরকারে ২য় বৃহত্তম দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি অবিলম্বে বরখাস্ত হওয়া বিচারকদের পুনর্বহাল চান। কিন্তু বিশ্লেষকরা বলছেন, জোট সরকারের নেতৃত্বে থাকা দল পিপিপি এখনই বিচারকদের পুনর্বহালে রাজি নয়। কারণ, এতে করে গত বছর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া পার্টি নেতাদের প্রতি আবারও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বরখাস্ত প্রধান বিচারপতি। চারদলীয় জোট সরকারের ছোট দুটি দলের নেতারা অবশ্য বিচারকদের পুনর্বহাল নিয়ে নেতাদের মতৈক্যে পৌঁছাতে ব্যর্থতার কথা তেমন জোর দিয়ে বলেননি। তবে তারা বলেন, বড় দলগুলোর মধ্যে বিষয়টি সুরাহা করার জন্য তিনদিন সময় দেওয়া হয়েছে। ছোট ধর্মীয় দলের নেতা ফজলুর রেহমান সাংবাদিকদের বলেন, "আমাদের আগামী ৭২ ঘন্টার মধ্যে এ পরিস্থিতিতে মতৈক্যে পৌঁছাতে বলা হয়েছে।" মতানৈক্যের ব্যাপারে তিনি সাংবাদিকদের কাছে বিস্তারিত কিছু বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২২৫৩ ঘ.